কোটা বাতিলের সিদ্ধান্তকে প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে এ মুহূর্তে শাহবাগে মোড়ে অবস্থান করে রাস্তা অবরোধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিন সকাল ১০ টা থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (ঢাবি) বিক্ষোভ করতে থাকে এবং কলা ভবন ও ব্যবসা শিক্ষা অনুষদেরর প্রধান ফটক বন্ধ করে দেয়।

শাহবাগে অবস্থানকারী আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কোটা বাতিলের সিদ্ধান্তকে প্রজ্ঞাপন আকারে জারি না করা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন।

এদিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থানের কারণে এ মুহূর্তে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

অবস্থানকারী শিক্ষার্থীদের এসময় বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দেখা যায়। এগুলো হলো- ‘আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, ‘প্রজ্ঞাপনে তালবাহানা, চলবে না চলবে না, ‘দাবি মোদের একটাই, প্রজ্ঞাপন প্রজ্ঞাপন, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না, ‘লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ইত্যাদি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করছেন।