রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের টানা তিন দিনের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়িসহ ৫ দফা দাবি মেনে নেওয়ায় সোমবার দুপুর থেকে ইন্টার্নি ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদুর রহমান রিফাত জানান, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতারসহ ৫ দফা দাবি হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেওয়ায় আমরা বেলা ১২টা থেকে কাজে যোগদান করেছি।
এর আগে ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসেন হাসপাতাল পরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, স্বাচিপ-এর সাধারণ সম্পাদক ডা. নুরুরন্নবী লাইজু, বিএমএ কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ মামুনুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।
আলোচনায় ইন্টার্ন ডাক্তারদের দাবি হাসপাতাল পরিচালক মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর ইন্টার্ন ডাক্তাররা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজে যোগ দিয়েছেন।
ওএফ





