রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই নেত্রীর মধ্যে কোপাকুপির ঘটনা ঘটেছে। একই সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হলে বহিরাগত ছাত্রী রাখা নিয়ে শনিবার (০৯ নভেম্বর) ভোরে ছাত্রলীগের দুই নেত্রীর মধ্যে সংঘর্ষের সময় উভয়ের মধ্যে কোপানোর এই ঘটনা ঘটে।
হলের শিক্ষার্থীরা জানান, ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবা নাসরিন রূপা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ২১৯ নং কক্ষে নাবিলা নামের একজন বহিরাগত শিক্ষার্থীকে (প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের) টাকার বিনিময়ে রাখতেন। তাকে রাখাকে কেন্দ্র করে হলে অন্য নেত্রীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রূপা তার অনুসারীদের নিয়ে অন্য নেত্রীদের ওপর হামলা করেন। এসময় রূপা সাবিকুন্নাহার তামান্নার হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন।
মাহবুবা নাসরিন রূপা ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। সাবিকুন্নাহার তামান্না ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য, তার বাড়ি বরগুনা জেলায়।
ইডেন কালেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রূপা সাংবাদিকদের বলেন, আমরা এমন কোনো সমর্থক তৈরি করিনি, যারা শিক্ষার্থীদের মারধর করবে। ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আঞ্জুমান আরা অনুর সর্মথকরা বঙ্গমাতা হলে গিয়ে আমার কর্মীদের ওপর হামলা করেছে। পরে হলের ২০৮ নম্বর কক্ষে গিয়ে আমার আইফোন এবং সাত হাজার পাঁচশত টাকা ছিনতাই করে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ইডেনে প্রচুর সিট বাণিজ্য হয়, এটা সবার জানা। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, আজকের ঘটনার মূল হোতা সেই নাবিলা মেয়েটি একজন বহিরাগত। সে টাকার বিনিময়ে হলে থাকে এবং হলের মেয়েদের শাসন করে বেড়ায়। আমরা শুধু নিজেদের সেফটির জন্য এসব বলিনা।
শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুপা বলেন, “২১৯ নম্বর রুমে নাবিলা নামে এক শিক্ষার্থী ছিলো। ডিগ্রিতে পড়ে, সে বহিরাগত না। তাকে নিয়ে ঝামেলা শুরু করে অনুর নেতৃত্বে তার অনুসারীরা।”
তিনি বলেন, ওই সময় ২১৯ নম্বর রুমে অনুর অনুসারীরা গিয়ে ওই রুমের মেয়েদেরকে শ্লীলতাহানীর চেষ্টা করেছিল এবং তাদের মারধরও করেছে। এসময় তারা আমার রুম ভাঙচুর করেছে। আমাকে হল থেকে বের করে দিয়েছে। তবে তামান্নাকে ছুরি দিয়ে কোপ দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, আমি কাউকে মারিনি। কাউকে ছুরি দিয়ে আঘাত করিনি।”
রুপা বলেন, “২১৯ নম্বর রুমে নাবিলা নামে এক শিক্ষার্থী ছিলো। সে ডিগ্রিতে পড়ে। সে বহিরাগত না। তাকে নিয়ে ঝামেলা শুরু করে অনুর নেতৃত্বে তার অনুসারীরা। ২১৯ নম্বর রুমে অনুর অনুসারীরা গিয়ে ওই রুমের মেয়েদের কাপড় খুলে ছবি তুলেছে। তাদের মারধর করেছে। তারা আমার রুম ভাঙচুর করেছে। আমাকে হল থেকে বের করে দিয়েছে। আমি কাউকে মারিনি। কাউকে ছুরি দিয়ে আঘাত করিনি।”
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন বলেন, আমরা শুনেছি হলে মেয়েদের মধ্যে ঝামেলা হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে ইডেন কলেজের ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমবি





