গাজীপুর মহানগরের চা বাগান এলাকার শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই প্রতিষ্ঠানেই নির্মাণাধীন ভবনের ছয় নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে জয়দেবপুর থানা পুলিশ তাদের আটক করে। প্রাথমিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হাসান জানান, মেডিকেল কলেজ ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনে কাজ চলছে। বেশ কিছু নির্মাণ শ্রমিক ভবনে কাজ করার সময় মেডিকেল কলেজ থেকে হাপসাতালে যাওয়া-আসার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করে।

এ বিষয়ে তাদের সতর্ক করা হলেও তারা উত্ত্যক্ত করা থেকে বিরত থাকেনি। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানায়। আর সেটার পরিপ্রেক্ষিতেই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। তবে অপরাধ বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রেজাউল হাসান।

কেএইচ