রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার বেলা দেড়টায় বিভাগের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।
বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাক আহমদ, প্রভাষক আব্দুল্লাহ বাকী ও মামুন আব্দুল কাউয়ুম।
এসময় বক্তারা বলেন, রাতের অন্ধকারে দুই শিক্ষার্থীর ওপর যে নৃশংস হামলা চালানো হয়েছে তা বর্তমান সময়ে দেশে চলমান গুপ্তহত্যা চেষ্টার সামিল। শিক্ষার্থীদের ওপর এরকম হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। যে কারণেই হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর যারা এই হামলা চালিয়েছে তাদের শণাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির জন্য পুলিশ প্রশাসনের নিকট তারা দাবি জনান তারা।
প্রসঙ্গত হামলায় আহত দুইজন হলেন, বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাহিনুল ইসলাম রিংকু ও মো. সাইফুল ইসলাম।
গতকাল দিবাগত রাত ১১টায় রাবির স্টেশন বাজারে দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে তাদেরকে গুরুতর আহত করে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়। এর আগেও রিংকুর সাথে স্থানীয়দের মারামারির ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
এমআইএস





