অষ্টম ও নবম শ্রেণির পর আগামী শনিবার (০২ অক্টোবর) থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন এই সময়সূচি প্রকাশ করে।
নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে তৃতীয় শ্রেণির ক্লাস সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার।
এছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। আর পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহের প্রতিদিন হবে। তবে পঞ্চম শ্রেণির ক্লাসগুলো মধ্যাহ্নবিরতির পর হবে। বাকি শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির আগে।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। প্রথমে কেবল চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস এবং অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন হচ্ছিল। পরে অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুদিন চালু করা হয়।
এমবি





