হাইকোর্ট মোড় এলাকায় ট্রাক চালককে মারধর ও চাঁদাবাজির অভিযোগে কারাগারে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই শিক্ষার্থীরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগর শিক্ষার্থী জোবায়ের আহেম্মদ শান্ত (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আল আমিন (শিক্ষাবর্ষ ২০১৭-১৮)।

অভিযুক্ত এই দুই শিক্ষার্থীকে কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদেরকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্ট এলাকায় চাঁদাবাজির অভিযোগে ঢাবির ২ ছাত্রলীগকর্মী কারাগারে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি শনিবার হাইকার্ট সংলগ্ন রাস্তায় একজন ট্রাক চালককে মারধর ও চাঁদাবাজির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শাহবাগ থানা পুলিশ তাদের আটকের পর আদালতে পাঠায়। পরে আদালত তাদের কারাগারে পাঠান।

এমবি