জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যকে তার প্রশাসনিক ভবন 'টাইম বোমা' মেরে উড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার’।
আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে থেকে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে ডেইরি গেইটে অবস্থান করে। এবং সেখানে জড়ো হওয়া শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মিলিত হয়ে ডেইরি গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করে।
মানববন্ধনে সাবেক উপ-উপাচার্য মো. ফরহাদ হোসেন, কলা ও মানবিকী অনুষদের ডীন মো. মোজাম্মেল হক, অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহেল কাফী, সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন, সহকারী অধ্যাপক মাসুদা পারভীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এ. এ. মামুন বলেন, “বেনামি চিঠির মাধ্যমে হুমকি না দিয়ে সাহস থাকলে সামনে এসে কথা বলুন। আমরা প্রতিবাদ করতে পারি কিনা দেখুন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এ মানববন্ধন তার বহিঃপ্রকাশ।” এবং তিনি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
এর আগে একটি উড়ো চিঠিতে বলা হয়- বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের প্রশাসনিক কার্যক্রম ভালো না। তাই প্রশাসনকে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে ঢেলে সাজাতে হবে। নইলে বোমা মেরে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও (ডিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমবি





