জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাট্যজন অধ্যাপক ড. সেলিম আল দীনের ৬৫তম জন্মজয়ন্তী উৎসব শুরু হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন সোমবার সকাল ১১টায় সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপাচার্য বলেন, নাটকের মাধ্যমে সেলিম আল দীন সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। তাঁর নাটকে সাধারণ মানুষের জীবন-কর্ম প্রতিফলিত হয়েছে। গ্রাম থিয়েটার প্রতিষ্ঠার মাধ্যমে নাটককে তিনি তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, সেলিম আল দীন পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর আগে সকাল ১০টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল দীনের সমাধি স্থলে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র-শিক্ষক, দেশের খ্যাতিমান নাট্যকর্মী, সংগঠক, নিদের্শক, সেলিম আল দীনের গুণগ্রাহী প্রমুখ অংশগ্রহণ করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জহির রায়হান মিলনায়তনে সেলিম আল দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মঞ্চায়ন করা হবে নাটক ‘মুনতাসির’।
সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৯ আগস্ট সন্ধ্যে ৭টায় জহির রায়হান মিলনায়তনের ভারতীয় ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান এবং নাটক মঞ্চায়ন করা হবে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





