ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাটোর জেলা ছাত্রকল্যান সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। 

এতে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদকে সভাপতি এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মাসুদ রানাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ (০৬ এপ্রিল) শনিবার সংগঠনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা এই কমিটি ঘোষনা করেন।

জানা যায়, শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডোরে সংগঠনটির বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ।  

বিশেষ অতিথি ছিলেন- একই বিভাগের অধ্যাপক ড. মো: শাহাবুল আলম, সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল বারী ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার তাহমিনা রহমান।

অনুষ্ঠানে নাটের জেলা থেকে ইবিতে ভর্তি হওয়া নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সাথে শিক্ষাজীবন শেষ করা প্রবীণদের সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান থেকে আগামী এক বছরের জন্য ৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্য হলেন- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ হাসান।

নবগঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

মুনজুরুল/এমবি