কিশোরগঞ্জে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের মিছিলে পুলিশি হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হামলায় নারী শিক্ষার্থীহস অন্ততঃ পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

আহতরা হলেন, কোটা সংস্কার আন্দোলনের জেলা কমিটির যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম, রিয়াদুস সালেহীন রিয়াদ, তানভীর, পাপিয়া আক্তার ও মাহবুবুর রহমান।

বুধবার বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামের সামনের সড়কে এ ঘটনা ঘটে। কিন্তু; শেষ পর্যন্ত শিক্ষার্থীরা অনড় অবস্থান নিয়ে পুলিশের বাঁধা ও হামলা উপেক্ষা করে মিছিল করে।

জানা গেছে, বেলা সোয়া দুইটার দিকে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাস থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বটতলা এলাকা দিয়ে শহরে প্রবেশের সময় পুরাতন স্টেডিয়ামের সামনের সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে পুলিশ বাঁধা সৃষ্টি করে।

এ সময় শিক্ষার্থীরা বাঁধা অতিক্রম করে সামনে যেতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে পুলিশি বাঁধা ও ব্যারিকেড উপেক্ষা করে মিছিল নিয়ে শহরে প্রবেশ করে।

পরে শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এবং মিছিল থেকে বিনা কারণে পুলিশী হামলা ও বাঁধার নিন্দা জানানো হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুশামা মো. ইকবাল হায়াত দাবি করেন, আন্দোলনকারীরা শহরের কালী বাড়ি এলাকায় চার রাস্তার মোড়ে এসে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে এমন খবরে স্টেডিয়াম এলাকায় ব্যারিকেড তৈরি করে তাদের বাঁধা প্রদানের চেষ্টা করার সময় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচির পরিবর্তে শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে ফিরে যায়।

তানভীর আহমেদ/এসএম