টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিক্ষানগরীখ্যাত উপ-শহর এলেঙ্গা শামছুল হক বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ও ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস সোমবার অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে কলেজ অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামছুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শামছুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।

এসময় তিনি শামছুল হক এবং কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাকিম তালুকদারের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আজ তোমরা যারা এখানে পড়তে এসেছ তোমরাই আগামীতে এদেশের রাষ্ট্রের দায়িত্বে আসবে। এজন্য তোমদের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।

তিনি পাকিস্থানী নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই ও বাংলাদেশের আলোচিত ঐশীর প্রসঙ্গে বলেন, মালালা ইউসুফজাই তালেবানদের বিরুদ্ধে লড়াই করে শিক্ষার জন্য কাজ করেছেন যার মূল্য হিসেবে পেয়েছেন নোবেল পুরষ্কার আর অন্যদিকে ঐশী বন্ধুদের সাথে নৃত্য করত, সর্বক্ষণ নেশাগ্রস্থ থাকত যার দূরণ নেশার জন্য তাঁর পুলিশ অফিসার বাবা এবং মাকেও খুন করতে দ্বিধাবোধ করেননি।

ছাত্র-ছাত্রীদের প্রতি তিনি প্রশ্ন রেখে বলেন, 'তোমরা মালালা হবা না ঐশী হবা?'

এছাড়া তিনি আরো বলেন, আজকের এই শামছুল হক কলেজ অনেক জরাজীর্ণ ছিল। যেখানে আজকে তিনতলা বিল্ডিং হচ্ছে সেখানে টিনের ঘর ছিল যার ফ্লোর ছিল মাটির। আর অচিরেই এই কলেজটি সরকারিকরণ করা হচ্ছে। এই কলেজের অনেক ছাত্র আজ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এলেঙ্গা শামছুল হক বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো.নয়ামিয়া, শামছুল হক বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আজহারুল ইসলাম, ডাঃ বাবু সম্ভুনাথ, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, গভর্নিং বডির সদস্য রেজাউল করিম রঞ্জু।

এসময় এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সায়েম উদ্দিন, সমাজসেবক হুরমুজ আলী, হৃদয় শিশু নিকেতনের চেয়ারম্যান হাসান হাফিজুর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমকে