গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আরও এক সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক পদত্যাগ করেছেন।
গতকাল (২৫ সেপ্টেম্বর) বুধবার রাতে রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিশ্বববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নূরউদ্দিন আহমেদ।
পদত্যাগপত্র দাখিলের পর থেকে সহকারী প্রক্টরের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে একটি সূত্র জানিয়েছে, তিনি অসুস্থ হওয়ায় ফোনটি বন্ধ রয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর (শনিবার) পদত্যাগ করেন সহকারী প্রক্টর মো. হুমায়ূন কবীর। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে পদত্যাগ করেন তিনি।
এদিকে, ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে অষ্টম দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
অপরদিকে, দ্বিতীয় দিনের মতো তদন্ত কাজ শুরু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র গঠিত তদন্ত দল। দলের সদস্যরা গত ২১ সেপ্টেম্বর বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের লিখিত বক্তব্য সংগ্রহ করছেন।
আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবারও তাঁরা শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বলবেন এবং লিখিত বক্তব্য গ্রহণ করবেন।
এর আগে গতকাল (বুধবার) বিকেল ৪টায় ড. মো. আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দল বিশ্ববিদ্যালয়ে আসে।
এমবি





