রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারক গল্প নিয়ে নির্মিত নাটকে একসঙ্গে অভিনয় করলেন জিতু আহসান ও অপর্ণা। বিচারক গল্পের প্রধান নারী চরিত্র হেমশশী। গল্পটি এবার উঠে আসছে টিভি পর্দায়। এতে হেমশশী চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।

কনক নামের নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে অপর্ণার সহশিল্পী জিতু আহসান।

কনক প্রসঙ্গে অপর্ণা বলেন, রবীন্দ্রনাথের গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে দেখানোর চেষ্টা করা হয়েছে। মূলগল্পে চরিত্রের নাম হেমশশী হলেও নাটকে আমার নাম কনক।

নাটকের কাহিনীতে দেখা যাবে, লেখক জাবেদ সারোয়ারের ভক্ত কনক তাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানায়। কনকের ইচ্ছে তার জীবন কাহিনী নিয়ে এই লেখক একটি গল্প লিখবেন। তার মুখ থেকে শোনা গল্পটির ভেতর লেখক যেন আবিস্কার করলেন হেমশশীকে।

আগামীকাল বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটকটি।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই