আমেরিকান জনপ্রিয় সংগীতশিল্পী প্যারিস হিলটন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন। তা–ও আবার নেটফ্লিক্সে।
প্যারিস ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘আমি উচ্ছ্বসিত। আগামী মাসেই টেলিভিশনে আসছি। এবার রান্নাঘর সামলাব। আমার নতুন শো ‘কুকিং উইথ প্যারিস’। আগামী ৪ আগস্ট প্রচারিত হবে। একমাত্র নেটফ্লিক্সে। আরও জানতে সঙ্গেই থাকো।’
সংগীতশিল্পী, মডেল, সমাজকর্মী, উদ্যোক্তা—প্যারিসের ব্যাপারে এই সবকিছুই মেনে নেওয়া যায়। কিন্তু রাঁধুনি প্যারিস! প্যারিস সম্পর্কে যাঁরা জানেন, তাঁদের চোখ কপালে উঠতে বাধ্য!
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ২০২০। ইউটিউবে একটি রান্নার ভিডিও পোস্ট করেন প্যারিস হিলটন। নাম ‘কুকিং উইথ প্যারিস’। সেই ভিডিওতে ভুলভাল রান্না করে ব্যাপক ট্রলড হয়েছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। শুধু কি তাই, গার্ডিয়ান, ফ্যাশন-এর মতো গণমাধ্যম প্যারিসের রান্নার চুলচেরা বিশ্লেষণ করে একশেষ।
ফ্যাশন শিরোনাম করে, ‘আমি রান্না করতে পারি না। তারপরও আমি জানি, প্যারিস রান্নাটা ভুলভাবে করেছে।’ আর দেখুন না, ইউটিউব ভিডিওর নিচে মন্তব্যগুলোর অবস্থা কী?
একজন মন্তব্য করেছেন, ‘এটা কেউ বলবে না যে তিনি বাইকার গ্লাভস পরেই রান্না করছেন!’ আরেকজন লিখেছেন, ‘এই ভিডিও আসার পর গর্ডন র্যামজি (বিখ্যাত ব্রিটিশ পাঁচক) একদম চুপ হয়ে গেছে।’
প্যারিস হিলটনও রান্না করতে পারেন। তিনি ট্র্যাডিশনাল রান্নাকে পুরাই পাল্টে দিয়েছেন। তিনি আসলে রাঁধুনি নন, রাঁধুনি হতেও চাইছেন না। রান্নাঘরে তারকা বন্ধুদের সাহায্যে খাবারের ফিউশন, নতুন রেসিপি ও রান্নাঘর সামলাবেন।
এইচএন





