সম্প্রতি কলকাতায় নতুন সিনেমা ‘ববি জাসুস’-এর প্রচারণা করতে গিয়ে টালিগঞ্জের সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে দেখা করেন হিন্দি সিনেমার অভিনেত্রী বিদ্যা বালান।

তিনি জানান, অনেকদিন ধরেই প্রসেনজিতের সঙ্গে অভিনয় করার ইচ্ছা থাকলেও উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা এখনও হয়ে ওঠেনি।

বিখ্যাত গোয়েন্দা চরিত্র কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিত আর তার সঙ্গে ববি জাসুস হিসেবেই দেখা করেছেন বিদ্যা।

প্রিয় অভিনেতা প্রসেনজিৎকে ‘বুম্বা দা’ বলে সম্বোধন করেন বিদ্যা। তিনি জানান, গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য তাকে অনেকটাই অনুপ্রাণিত করেছেন প্রসেনজিৎ। বিদ্যা আরও জানান, তার প্রতিটি সিনেমা মুক্তির আগে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানান ভারতীয় বাংলা সিনেমার এই তারকা।

“আমি তাকে ‘পারিনিতা’ সিনেমায় অভিনয়ের সময় থেকে চিনি। প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ আমাদের দুজনকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলেন। আমরা দুজন সবসময়ই ভাবি, ঋতুপর্ণ বেঁচে না থাকলেও আমাদের একসঙ্গে একটি সিনেমায় কাজ করা উচিত। তবে আমরা এখনও তেমন কোনো ভালো কাহিনি পাইনি।”

সেই সঙ্গে আরও জানালেন সময় করে ফুটবল বিশ্বকাপ দেখেন তিনি। তবে বিদ্যার আগ্রহের কেন্দ্রবিন্দু খেলা নয়, আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি।

“আমি মেসিকে চিনি। কারণ তিনি দেখতে খুব সুন্দর। আমার বন্ধুরা আমাকে জানায় কখন মেসির খেলা হবে, তখন আমি টিভি চালিয়ে খেলা দেখতে বসি। এছাড়া খেলার প্রতি আমার কোন আগ্রহ নেই।”

কমেডি ও গোয়েন্দা ধাঁচের  ‘ববি জাসুস’-এর কাহিনি গড়ে উঠেছে একজন নারীকে নিয়ে, যিনি গোয়েন্দা হতে চান। আর এই নারীর  ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা। এতে বিদ্যার বিপরীতে দেখা যাবে অভিনেতা আলি আফজালকে। ‘ববি জাসুস’ নির্মাণ করেছেন সামার শেইখ, এটি মুক্তি পাবে ৪ জুলাই।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই