কলকাতার সুপারহিরো দেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য মঙ্গলবার দুই তলার ছাদ থেকে লাফিয়ে পড়েছিল বাংলাদেশের স্কুলছাত্রী সুমী। এ ঘটনা শুনে খুবই মর্মাহত হয়েছেন চিত্রনায়ক দেব।
ফেসবুকে সুমী এবং অন্য ভক্তদের উদ্দেশে স্ট্যাটাস দিয়ে দেব অনুরোধ করেন, এমন পাগলামী যেন আর কেউ না করেন।
ফেসবুক স্ট্যাটাসে দেব লিখেন- 'কিছুক্ষণ আগে শুনলাম, সংবাদ সৃষ্টির মাধ্যমে আমার নজর কাড়তে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে সুমী নামে এক বাংলাদেশী। খবরটি আমাকেও আঘাত করেছে নিঃসন্দেহে। আজ আমি বলতে যাকে দেখছো, মনে করে দেখো এটা শুধু এবং শুধুই ভক্তদের জন্য।'
'তাই আজ যদি তুমি নিজেকে আঘাত করো, সে আঘাত আমারও লাগে। আমি অনুরোধ করছি সবাইকে এবং মিনতি করে বলছি, আমার জন্য ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কেউ নিজেকে আঘাত করো না। আমাকে ভালোবাস, জেনে রেখ দেব সবসময় আছে তোমাদের পাশে, ঠিক তোমাদের হৃদয়ে।'
'জীবন খুবই সুন্দর, জীবনকে উপভোগ করো। আর একজন ভক্তের চলে যাওয়া মানে আমি একজনের ভালোবাসা হারালাম।'
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর জুরাইনের আল-ফারাহ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমী দাস চিত্রনায়ক দেবের জন্য স্কুলের দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। তার উদ্দেশ্য ছিল এর মধ্য দিয়ে দেবের দৃষ্টি আকর্ষণ করা। সুমী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।
কেএইচ





