এস এ হক অলীকের প্রথম দুটি ছবি ‘হূদয়ের কথা’ (২০০৬) ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’য় (২০০৮) জুটি ছিলেন রিয়াজ-পূর্ণিমা। এই অক্টোবরের ৩য় সপ্তাহে ছবির নির্মাণকাজ শুরু করতে যাচ্ছেন এই নির্মাতা। ছবির নাম ‘এক পৃথিবী প্রেম’।
বরাবরের মতো এবারও নিজেই ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা ও পরিচালনা করছেন অলীক। তবে, এবার আর থাকছে না প্রতিষ্ঠিত কোনো নায়ক-নায়িকা। বাংলা চলচ্চিত্রে একজোড়া নতুন মুখ উপহার দিতে যাচ্ছেন তিনি।
বললেন, ‘আমার নতুন ছবির যে গল্প তার জন্য একেবারেই নতুন দুটি মুখের দরকার। তাই এমন সিদ্ধান্ত নিলাম। আমার বিশ্বাস নতুন মুখ আমাকে নিরাশ করবে না।’
নতুন জুটির ব্যাপারে আপাতত মুখ খুলতে চাইছেন না অলীক। বললেন, ‘জমকালো একটি মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করতে চাই। আমার প্রথম ছবি দুটির নায়ক-নায়িকা কিন্তু সবার কাছে অনেক বেশি পরিচিত ছিলেন। এঁরা যেহেতু নতুন তাই তাঁদের যাত্রাটা জমকালো আয়োজনের মধ্য দিয়েই হোক সেটাই আমি চাই। তাই আপাতত অভিনয়শিল্পীদের নামটা প্রকাশ করতে চাচ্ছি না।’
‘এক পৃথিবী প্রেম’ ছবির গানের সংগীত পরিচালনা করছেন ইমন সাহা, হাবিব ও হূদয় খান। এর মধ্যে কয়েকটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাকি গানগুলোর কাজ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানান অলীক। ‘এক পৃথিবী প্রেম’ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্, হাবিব, মিলন মাহমুদ ও পড়শী।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





