নতুনরূপে আসছেন সেই পুরনো সুচন্দা। এবার আসছেন নাটক নির্মাতা হিসেবে।

জীবনে কখনো নাটকে যেমন অভিনয় করেননি ঠিক তেমনি আবার নাটক নির্মাণও করেননি কখনো চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা কোহিনূর আক্তার সুচন্দা। তবে এবারই প্রথম তিনি নাটক নির্মাণ করতে যাচ্ছেন।

শুক্রবার সুচন্দা এই তথ্য নিশ্চিত করে বলেন, জীবনের শেষ বিকেলের রোদে এসে পৌঁছেছি। জীবনের এই পর্যায়ে এসে একটি গল্প আমার খুব ভালো লেগেছে। আমি নিজে গল্পটি পড়ে তৃপ্ত হয়েছি। এর বেশি কিছু এখনই বলতে চাচ্ছি না। তবে একজন বিখ্যাত লেখকই গল্পটি লিখেছেন। চিত্রনাট্য আমি নিজে করেছি। কিছু দিনের মধ্যেই নাটকটি নির্মাণের কাজে হাত দেবো। তখন সবাইকে জানান দিয়েই কাজ শুরু করব।

এর আগে নিজের নির্মিত চলচ্চিত্র নিয়ে সন্তুষ্টি ব্যক্ত করে সুচন্দা বলেন, একটি কথা সত্যি যে আমি যখন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলাম তখন নিজের কাজ থেকে নিজে তৃপ্ত হয়েছিলাম। আমি নিজে না তৃপ্ত হলে তা দর্শকের কাছে পৌঁছাতে চাই না।

এ দিকে গেল ৮ মার্চ নারী দিবসে আরটিভি থেকে ‘আলোকিত নারী’ সম্মানা পেয়েছেন সুচন্দা। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একজন নায়িকা, প্রযোজক, পরিচালক এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তিনি এই সম্মাননা পেয়েছেন। সুচন্দা বলেন, পুরুষশাসিত সমাজে একজন নারী হয়েও নিজের কাজের স্বীকৃতিস্বরূপ যে সম্মাননা পেলাম তা আমি অন্য চোখে দেখছি, সত্যিই এটা আমার জন্য বিরাট প্রাপ্তি।
তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা কোহিনূর আক্তার সুচন্দার পরিকল্পনা রয়েছে জহির রায়হানের ‘বরফ গলা নদী’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের।

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা সুচন্দা বেশ কয়েক মাস দেশের বাইরে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন। কয়েক দিন বিশ্রামে থাকার পর তিনি নাটক নির্মাণের জন্য শিল্পী নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন বলে জানালেন।

এমআইএস।