আলো ঝলমলে মঞ্চে স্টাইলিশ হেয়ার অব দ্য ক্যাম্পাস-এর বিজয় মুকুট পরানো হলো ময়মনসিংহের তরুনী রিমির মাথায়।                   

 সারা দেশের ৩ লাখ তরুণীর সাথে যুদ্ধ করে পাওয়া এ অর্জনে আবেগাপ্লুত রিমি। ময়মনসিংহ সরকারি মহিলা কলেজের এই শিক্ষার্থী পুরস্কার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা ও গাজী টিভিতে ঈদের নাটকে অভিনয়ের সুযোগ।

২৫ জুন রাতে রাজধানীর হোটেল র‌্যাডিসনের ব্লু ওয়াটার গার্ডেন হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় স্টাইলিশ হেয়ার অব দ্য ক্যাম্পাস প্রতিযোগিতার চূড়ান্তপর্ব। আয়োজন করেছে প্যারাস্যুট অ্যাডভান্সড পণ্য বেলীফুল।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার বিভাগের শিক্ষার্থী অতশী আমিন। তিনি পেয়েছেন ২ লাখ টাকা। দ্বিতীয় রানারআপ হয়েছেন ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের রুবাইয়া কবির রায়না।তিনি পেয়েছেন ১ লাখ টাকা। সেই সাথে তারাও পাচ্ছেন নাটকে অভিনয়ের সুযোগ।

 আর সেরা স্টাইলিশ হেয়ারের তকমা পেয়েছেন নাটোরের রানী ভবানি কলেজ পড়ুয়া আইরিন সুলতানা।তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা পুরস্কার। এছাড়া রেডিও টুডের আরজে হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছেন শীর্ষ এগারোতে স্থান পাওয়া রেনেসা খান। বাকি ৮ জন পেয়েছেন ২৫ হাজার টাকার পুরস্কার।

নুসরাত ফারিয়ার উপস্থাপনায় বর্ণিল এই অনুষ্ঠানকে আরো মধুময় করে তোলে সাজু খাদেমও রেডিও টুডে-র দুই আরজে-র রম্য উপস্থাপনা। থিমসং গেয়ে শোনান কিশোর ও এলিটা। এছাড়া গান করেন কণা। নৃত্য পরিবেশন করেন শখ ও তানজিলের ঈগল ড্যান্স গ্রুপ।

প্রতিযোগিতাটি শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে। দেশের সাত বিভাগের ৩০০টি ক্যাম্পাস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে নাম নিবন্ধন করেছিল ৩ লাখ তরুণী। তাদের মধ্য থেকে সেরা ১১ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হলো চূড়ান্ত পর্ব। এদিন তিন বিচারক হিসেবে ছিলেন অভিনেতা-নির্মাতা জাহিদ হাসান, রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন ও নির্মাতা রেদওয়ান রনি। চূড়ান্ত পর্বে ১১ জন প্রতিযোগীর মধ্য থেকে বিচারকরা নাচ, অভিনয় এবং র‌্যাম্প পরিবেশনার ওপর ভিত্তি করে বাছাই করে নেন সেরা তিনজনকে। অনুষ্ঠানটি গাজী টিভি ২৬ জুন রাত ৮টা থেকে প্রচার শুরু হয়।

পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো জিটিভি, রেডিও টুডে এবং জনসংযোগ পার্টনার মাস্টহেড পিআর।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই