কে না জানে যে সিনেজগত হিসেবে যতটা না আলোচিত বলিউড, তার থেকেও বেশি আলোচিত বলিউডের সদস্যরা। নিত্য নতুন কোনো না কোনো নতুন কাণ্ড করে প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন বলিউডের তারকা-মহারথীরা।

 সিনেমার চাইতেও বলিউড সদস্যদের ব্যক্তিগত জীবন যেন আরো বেশি নাটকীয়তায় ভরা, অভিনেতা-অভিনেত্রী-পরিচালক-প্রযোজক- কে নেই এই তালিকায়! তবে বলিউড সবচেয়ে বেশি পরিচিত সম্ভবত তার ড্রামা কিং ও ড্রামা কুইন তারকাদের অভ্যন্তরীণ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য।

 বহুদিন ধরে হরিহর আত্মার মত সম্পর্কও বলিউডে পা রাখা মাত্রই দা-কুমড়া সম্পর্কে পরিণত হওয়ার নজিরও বড় কম নয়! প্রকাশ্যে দ্বন্দ্ব এড়াতে বলিউডের অনেক তারকাই বিভিন্ন জনসমাগমে এক অন্যকে এড়িয়ে চলেন, ভুলে দেখা হয়ে গেলেও ন্যূনতম কুশলাদি বিনিময় করা থেকেও পালিয়ে বেড়ান!

 এই যেমন- সম্প্রতি মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে শাহরুখ খান, সালমান খান ও প্রিয়াংকা চোপড়া নিজ নিজ কাজে প্রায় একই সময়ে হাজির হলেও কেউই কারো সঙ্গে দেখা না করেই স্টুডিও ত্যাগ করলেন!
জানা গেছে, সেদিন স্টুডিওটিতে দাবাং খান সালমান হাজির হয়েছিলেন তার পরবর্তী সিনেমা ‘কিক’-এর শ্যুটিং-এর জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হওয়ায় বাধ্য হয়েই শ্যুটিং-এ বিরতি পড়ে কারণ শ্যুটিং হওয়ার কথা ছিল খোলা ময়দানে।

এদিকে, ওই জায়গাটিতেই অনুষ্ঠিতব্য ইউনিসেফের একটি অনুষ্ঠানে অংশ নিতে অনুষ্ঠানস্থলে পৌঁছান সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। বৃষ্টি শুরু হওয়ার কিছু পরেই অর্থাৎ সালমানের শ্যুটিং-এ বিরতি চলাকালীন সময়েই স্টুডিওতে পৌঁছেছিলেন প্রিয়াংকা আর দুজন ছিলেন মাত্র কয়েক ফুট দূরত্বে। কিন্তু তাও কেউ কারো সঙ্গে দেখা করেননি এবং প্রিয়াংকার অনুষ্ঠান শেষ হওয়ার আগেই স্টুডিও ত্যাগ করেন সাল্লু।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রিয়াংকা স্টুডিও ছেড়ে বের হওয়ার পরপরই নাকি আবার সেখানে ফিরেছিলেন সালমান!

ওদিকে কিং খান শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’-এর শ্যুটিংও একই সময়ে চলছিল ওই একই স্টুডিওতে। অর্থাৎ সাল্লু-প্রিয়াংকার মতই স্টুডিওতে উপস্থিত ছিলেন শাহরুখও এবং কেউই কারো মুখদর্শন তো করেনইনি, উলটো অপ্রীতিকর পরিস্থিতি থেকে বাঁচতেই যেন একে অপরের থেকে পালাতে পেরে বেঁচেছিলেন তারা!

অবস্থা দেখে মনে হচ্ছে যেন রীতিমত পরিকল্পনা করেই তারা একজন অন্যজনকে এড়িয়ে চলছেন! অথচ এই বলিউড তারকারাই সমগ্র ভারতবাসীর আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে নিজেদের দাঁড় করিয়েছেন। তাদের এই আচরণ থেকে ভক্তরা যে কী শিখবেন তা গবেষণার বিষয় বৈ কি!

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই