ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলছে ‘দ্বিতীয় ঢাকা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’।
উৎসবে ১৫ মার্চ রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাট্যম রেপার্টরির নাটক সাইকেলওয়ালা। এটি নাট্যম রেপার্টরির দ্বিতীয় প্রযোজনা। বিজয় টেন্ডুলকার এর মূল নাটক থেকে এটির অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভিন লোপা।
নাট্যম রেপার্টরির অন্যতম সদস্য জুনায়েদ ইউসুফ জানান, ‘গতবছর আগস্ট মাসে আমাদের সাইকেলওয়ালা নাটকটি প্রথম মঞ্চায়িত হয়। আন্তর্জাতিক নাট্যোৎসব উপলক্ষে দীর্ঘদিন পর নাটকটি আবার ঢাকার মঞ্চে মঞ্চস্থ হচ্ছে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ ইউসুফ, শুভাশিষ দত্ত তন্ময়, জান্নতুল ফেরদৌস, তাহমিনা আক্তার প্রমুখ। আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সূকর্ণ। পোশাক পরিকল্পনা করেছেন ড. আইরিন পারভিন লোপা এবং সংগীত পরিকল্পনায় আহসান রেজা খান।
এএইচ





