আজ ৪ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার প্রদান শেষে জনপ্রিয় তারকা জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওনের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আর সেই অনুষ্ঠানে একসঙ্গে নাচবেন হাল সময়ের আলোচিত নায়ক-নায়িকা জায়েদ খান এবং শিরিন শিলা। তারা দুজনে পারফর্ম করবেন বহুল জনপ্রিয় হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলা রে গানটির সাথে। রংবাজ ছবির এই গানটিতে বড় পর্দায় দেখা গিয়েছিল চলচ্চিত্রের গোল্ডেন জুটি নায়ক রাজ রাজ্জাক ও কবরীকে। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন ও মোঃ আলী সিদ্দিকী সুর করেছেন আনোয়ার পারভেজ।

এ সম্পর্কে শিরিন শিলা বললেন,''এবারই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র এ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করছি। ছবিতে কবরী ম্যাডাম এই গানটিতে পারফর্ম করেছিলেন। গানটি আমার নিজেরও ভীষণ পছন্দের। কতোবার দেখেছি তা হিসেব করে বলতে পারবো না। আশা করছি পারফর্মেন্সটি সবার ভালো লাগবে।''

শিরিন শিলা-জায়েদ খান ছাড়াও অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম, মমতাজ, শাকিলা জাফর, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নি, কোনাল ও তওসিফ। আরও পারফর্ম করবেন ওমর সানি-পিয়া, আমিন খান-নিপুণ, নিরব-মেহজাবিন এবং পরী মণি।

ইআর