গত ১৮ নভেম্বর ছিল সালমান খানের পালক বোন অর্পিতার বিয়ে। এই বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকারা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিয়ের মঞ্চে দাড়িয়েই অর্পিতা ছোট একটি বক্তব্য দেন। সে সময় তিনি নিজে আবেগাপ্লুত হয়ে পড়েন। তার কান্না দেখে উপস্থিত সকলের চোখই অশ্রুতে ভিজে যায়।
খান পরিবারের প্রতি স্বাভাবিকভাবেই অর্পিতার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সেটা অস্বীকারও করেননি তিনি। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই বিয়ের পর উপস্থিত আমন্ত্রিতদের সামনে ছোট একটি বক্তব্য দেন। হৃদয়স্পর্শী এ বক্তব্যে অর্পিতা প্রথমেই তার বড় তিন ভাই আরবাজ, সালমান এবং সোহেল খানকে ধন্যবাদ জানান। কিন্তু তারপর আর বেশি কিছু বলতে পারেননি তিনি। কেননা তিনি সে সময় কান্নায় ভেঙ্গে পড়েন। এতে অনুষ্ঠানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
তারপর অর্পিতার হয়ে তার বাকি কথাগুলো কাগজ থেকে পড়েন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অর্পিতার হয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার অনেক সৌভাগ্য যে আমি এমন একটি পরিবারে বড় হয়েছি। এটি ছিল আমার নিজের পরিবারের মতোই। সোহেল ভাই ছিলেন আমার বন্ধুর মতো। আরবাজ ভাই ছিল আমার অভিভাবক। তিনি আমাকে সবসময় কোনটি ভালো এবং কোনটি মন্দ সে বিষয়ে পরামর্শ দিয়ে এসেছেন। সালমান ভাইয়ের হৃদয় অনেক বড়। তার জন্য আমি কখনও খারাপ কোনো কাজ করিনি। তিনি সব কাজে আমাকে সাহায্য করে এসেছেন।’
অর্পিতা তার বাবা সেলিম খান এবং মা হেলেনকেও ধন্যবাদ জানান, তাকে লালন-পালনের জন্য। পাশাপাশি তার এবং খান পরিবারের কিছু উল্লেখযোগ্য স্মৃতিও তুলে ধরেন অর্পিতা।
জেআই





