ছয় বছর পর আবার একসঙ্গে অভিনয় করলেন রিয়াজ ও বিজরী বরকতউল্লাহ। ছয় পর্বের ধারাবাহিক নাটকটির নাম ‘স্পাই এজেন্সি’। লিখেছেন শাহ মোঃ নাঈমুল করিম, পরিচালনা করছেন সহীদ-উন-নবী। রাজধানীর উত্তরার একটি বাড়িতে এর দৃশ্যায়ন চলছে।
রিয়াজ ও বিজরী ছয় বছর আগে মোহন খানের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী রিয়াজ বললেন, ‘বিজরী সহযোগিতাপ্রবণ শিল্পী। তার অভিনয়ের পাশাপাশি নাচও ভালো লাগে আমার।’
বিজরী বলেন, ‘রিয়াজ ছয় বছর আগে যেমন ছিলেন, এখনও তেমনই। বরাবরই তিনি আন্তরিক। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আমরা মহড়া করেছি। আশা করি, এতে দর্শকদের কাছে আমাদের অভিনয় প্রাণবন্ত মনে হবে।’
আসছে কোরবানি ঈদে চ্যানেল নাইনে টানা ছয় দিন প্রচার হবে ‘স্পাই এজেন্সি’।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





