'অসম্ভবকে সম্ভব করা' নায়ক অনন্ত জলিল এবার লেখক ভূমিকায় দর্শকদের সামনে আবির্ভাব হলেন। তার বিখ্যাত সিনেমা 'নি:স্বার্থ ভালোবাসা-What Is Love' এর কাহিনী অবলম্বনে রচিত উপন্যাস একই নামে ২১মে বইমেলায় এসেছে।
বৃহস্পতিবার মেলায় আসা উপন্যাসটি শ্রাবন শিল্প প্রকাশনী থেকে বের হয়েছে। পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ১৭১ ও ১৭২ নম্বর স্টলে।
গত ঈদে মুক্তি পেয়েছিলো নিঃস্বার্থ ভালোবাসা সিনেমাটি। মুক্তির পরপরই বেশ আলোচনায় চলে আসে। অনেকেই সিনেমাটিকে অনন্ত জলিলের অটোবায়োগ্রাফি হিসেবে মন্তব্য করেন। তার ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে এই সিনেমা বানানো হয়েছে বল অনেকেই মন্তব্য করেছিলেন। যদিও অনন্ত ও তার স্ত্রী সিনেমার নায়িকা বর্ষা তা অস্বীকার করেছিলেন।
তবে সিনেমার গল্পে দেখা গেছে অনন্ত তার ব্যক্তিগত জীবন নিয়ে যেসব মন্তব্য করেছেন বিভিন্ন গণ্যমাধ্যমের সাক্ষাৎকারে সিনেমায় তেমন অনেক ঘটনাই দেখা গেছে। সব মিলিয়ে বেশ আলোচনার জন্ম দিয়ে ব্যবসা সফল হয়েছিলো সিনেমাটি।