ঢাকাই ছবির জনপ্রিয় কৌতুক অভিনেতা আফজাল শরীফ দীর্ঘ সময় যাবত মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর এই শিল্পীকে চিকিৎসা সহায়তায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন।

আফজাল শরীফ সংবাদ মাধ্যমকে বলেন, আগের মতোই আছি। মেডিসিনের উপর চলছে জীবন। ব্যথার কারণে বেশিক্ষণ দাড়িয়ে থাকতে পারি না।
এ অভিনেতা জানান, করোনার এই সময়ে বাসাতেই বেশিরভাগ সময় কাটে। বন্দী জীবন।

সর্বশেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি করেছি ৷ অনেক দিন ধরেই অভিনয়ের বাইরে আছি।

এ অভিনেতা জানান, এখন তেমন কোনো সিনেমার শুটিং হচ্ছে না। ফাঁকে ফাঁকে ২-১ টি সিনেমার শুটিং করেন কেউ কেউ। আর আগে অনেক মানুষ যেতো সিনেমা হলে। আসলে করোনা মহামারী সবকিছু ওলট-পালট করে দিয়েছে।

তিনি আরও বলেন, অভিনয়ের পোকা ছিলাম। এখনও আছি। হলে যখন সিনেমা মুক্তি পেত আনন্দের কোনো শেষ থাকতো না। নিজের অভিনয় নিজে দেখে ভুল ধরার চেষ্টা করতাম।

আফজাল শরীফ চলচ্চিত্রের সহকর্মীদের সম্পর্কে বলেন, আমার খোঁজ কেউ নেয় না। আমাদের শিল্পীদের একটা সমিতি আছে। সেখান থেকেও খোঁজ নেয়া হয় না। অসুস্থ হওয়ার পর প্রথমদিকে দুই-একজন ফোন করতো। এখন আর করে না।

ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নিদের্শনা দিতে চাই। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই কাজটি করবো। প্রথমে নাটক নির্দেশনায় যাবো। তারপর চলচ্চিত্র।

উল্লেখ্য, ১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ‘বহুব্রীহি’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে আফজাল শরীফ ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন।

১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত 'পদ্মা নদীর মাঝি' দিয়ে চলচ্চিত্রে অভিনয় করেন৷ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনেতা।

এইচএন