পিতার পথ ধরে ঢাকাই সিনেমায় পা রাখার উদাহারণ নতুন নয়। নায়ক রাজ্জাকের ছেলে বাপ্পারাজ, পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ, আরেক নির্মাতা দিলীপ বিশ্বাসের ছেলে দেবাশীষ বিশ্বাস - সকলেই সিনেমাকে পেয়েছেন উত্তরাধিকারসূত্রে।

সিনেমায় দীর্ঘদিন কাজ করার পরও এরা কেউই বাবার পরিচয়কে ছাপিয়ে যেতে পারেননি। তাদের কাতারেই এবার যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ ওরফে ইউল রাইয়ান।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘অদৃশ্য শত্রু’ সিনেমার মাধ্যমে অভিনেতা ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইউল। জোর গলায় বললেন, কোনোভাবেই তিনি বাবার অনুকরণ করেন না। এমনকি বাবার অভিনয়ের ধাঁচও তার অভিনয়ে কোনো ছায়া মেলেনি।

ইউল বলেন, “আমি চাই কাজের ক্ষেত্রে আমার নিজের একটি আলাদা পরিচয় তৈরি হোক। আমি কখনও চাই না বাবার মতো হতে। আমি স্বনামেই পরিচিত হতে চাই।”
ইউল জানালেন, অভিনেতা হওয়ার ইচ্ছা তার কোনোকালেই ছিল না। ‘অদৃশ্য শত্রু’-তে অভিনয়ের ব্যাপারটি হুট করে হয়ে গেছে।

“সিনেমাতে নায়কের চরিত্রে যে ছেলেটা অভিনয় করছিলো, তাকে নিয়ে অর্ধেক শুটিং শেষ হওয়ার পর বুঝতে পারলাম ওকে নিয়ে অযথাই চেষ্টা করছি। পরে ইউনিটের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে, সিনেমাতে আমিই নায়ক হিসেবে থাকছি। তবে লগ্নি করা টাকাটা তুলে আনার বিষয়ও মাথায় কাজ করেছিল।”

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই