প্রয়াত জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। গাজীপুরে হুমায়ূন আহমেদের হাতে গড়া স্বপ্নের নুহাশপল্লীতে কেক কেটে, মোমবাতি প্রজ্বালন ও কবর জিয়ারতের মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়েছে।

নুহাশপল্লীর ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বুলবুল বলেন,  ‘স্যারের জন্মদিন উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীতে কেক কাটা হয় এবং নুহাশপল্লীর প্রবেশ পথে, ভেতরের বিভিন্ন পথে, নুহাশপল্লীতে স্যার যে সব জয়গায় বসতেন সে সব জায়গায় এবং কবরে ১২শ’ মোমবাতি প্রজ্বালন করা হয়। স্যার জীবিত অবস্থায় নুহাশপল্লীতে যেভাবে জন্মদিন পালন করতেন আমরাও সেভাবে স্যারের জন্ম দিনের অনুষ্ঠান করেছি।’

তিনি আরো জানান, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ছেলে নিষাদ ও নিনিত ও শাওনের পিতা প্রকৌশলী মোহাম্মদ আলীকে নিয়ে ভোর ৪টার দিকে নুহাশপল্লীতে আসেন। সকাল ৭টার দিকে তারা কবর জিয়ারত করেন। এবং সকাল ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে চলে যান।

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

২৪ জুলাই গাজীপুরের হোতাপাড়া এলাকাস্থ নুহাশপল্লীর লিচুগাছ তলায় প্রয়াত হুমায়ূন আহমেদের মরদেহ দাফন করা হয়।

জেআই