শিহাব শাহীন পরিচালিত ছুয়ে দিলে মন এর গানের অডিও প্রকাশিত হতে যাচ্ছে।সিনেমার গানগুলো আগামী ২০ আগস্ট থেকে অনলাইনে শোনা যাবে বলে জানান পরিচালক।
ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জাকিয়া বারী মম। আরও আছেন ইরেশ যাকের, মিশা সওদাগর,আলীরাজ, নওশাবা প্রমুখ।
সব ঠিক থাকলে চলতি বছরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে গান থাকছে ৬টি। এর মধ্যে ভালোবাসা দাও ভালোবাসা নাও শিরোনামের গানটি লিখেছেন মারজুক রাসেল। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ।
আর বাকি গানগুলোর সুর ও সংগীত পরিচালক সাজিদ সরকার। এর মধ্যে ছুঁয়ে দিলে মন গানে কণ্ঠ দিয়েছেন তাহসান ও শাকিলা, ছুঁয়ে দিলাম গানে কণ্ঠ দিয়েছেন নির্জ হাবিব, শূন্য থেকে আসে প্রেম গানে কনা ও ইমরান, চিনি না গানে শাওন, এবং চলে যাও গানটি গেয়েছেন শাওন ও শাকিলা।
গানগুলো লিখেছেন সাজু খাদেম, শাহান কবন্ধ, সিরাজুম মনির ও সোমেশ্বর অলি। আরছবিটি প্রযোজনা করেছে ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





