সাত মাস বিরতির পর রূপালী পর্দায় ফিরছেন অভিনেত্রী রত্না কবির। দুই নবাগত অভিনেতা সুমিত ও অভির নায়িকা হয়ে দেখা দেবেন ভৌতিক সিনেমা ‘সেদিন বৃষ্টি ছিল’-তে। শাহীন সুমন পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে শুক্রবার। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন রত্না। সিনেমাটির প্রযোজকও তিনি।

ঢাকাই সিনেমার সম্ভাবনাময়ী অভিনেত্রীদের মধ্যে রত্নার নামটি একসময় বেশ জোরেসোরেই উচ্চারিত হত। ‘ইতিহাস’ সিনেমার পর অর্ধশতাধিক সিনেমাতে অভিনয় করলেও নিজের শক্ত জায়গা তৈরি করতে পারেননি। প্রতিষ্ঠিত নায়কদের বিপরীতে দর্শক তাকে গ্রহণ না করলেও নবাগতদের নায়িকা হয়ে সফলতা মিলবে বলে আশা করেন রত্না।

“আমি সব সময়ই বলে থাকি আমি নতুনদের নায়িকা। চলচ্চিত্রাঙ্গনে অনেকেই বলে, আমি নাকি নতুনদের জন্য অনেক সৌভাগ্য বয়ে আনি। আসলেই কিন্তু তাই। আমার সঙ্গে জুটি বেঁধে সফল হওয়ার পর কিন্তু শাকিব, ফেরদৌসদের কপাল খুলে গেছে।”

নবাগত সুমিত ও অভিকে নিয়ে রত্না বলেন, “সুমিত ও অভি দুজনেই চলচ্চিত্রে নবাগত। সিনেমার গল্পের প্রয়োজনে আমি দুজনকে বেছে নিয়েছি। দুজনেই দারুণ অভিনয় করেছে। সিনেমাতে আমাকেও নতুনরূপে দেখতে পাবে দর্শক। সব মিলিয়ে দর্শকের ভালো লাগার সব উপকরণই আছে সিনেমাতে। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।”

রত্না স্কুলজীবন থেকেই লেখালেখি করছেন। কোনো কবিতা বা গল্প মনের মতো হলে তা থেকে চিত্রনাট্য লিখতে বসতেন। মা সাংবাদিক ছিলেন। লেখালেখিতে মায়েরও বড় প্রভাব রয়েছে বলে জানান তিনি। ‘সেদিন বৃষ্টি ছিল’ সফলতা পেলে নিয়মিত চিত্রনাট্য লিখবেন বলেও জানালেন।

রত্না এখন সায়মন জাহান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘টাইম মেশিন’, সত্য রঞ্জনের ‘পরান পাখি’, জুয়েল ফার্সির ‘অরুন বরুন কিরন মালা’-তে অভিনয় করছেন।

২০০২ সালে সেলিম আজম পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ সিনেমায় ফেরদৌসের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক হয় রত্নার। এরপর রাজ্জাকের ‘মরণ নিয়ে খেলা’, মহম্মদ হান্নানের ‘পড়ে না চোখের পলক’, শাহীন-সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’, শাহীন-সুমনের ‘অঙ্ক’, শাহীন-সুমনের ‘নষ্ট’, সা শামসুল আলমের ‘মন নিয়ে লুকোচুরি’, কমল সরকারের ‘কোটি টাকার মেয়ে গরীবের ছেলে’, নাদিম মাহমুদের ‘রক্তে ভেজা বাংলাদেশ’, নাদিম মাহমুদের ‘পাঁচ টাকার রুটি’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই