জুম্মা চুম্মা দে দে... অমিতাভ নয়। এবার শাহরুখের লিপে শোনা যাবে এই ব্লকবাস্টার গান। রোহিত শেট্টির ‘হাম' ছবির রিমেকে টাইগার হবেন তিনি। ছবির নাম ঘোষণা হতেই শুরু হয়েছে জল্পনা। তবে কি বিগ বি-কে ফের চ্যালেঞ্জ ছুড়তেই তাঁর ছবির রিমেকে পা গলাচ্ছেন এসআরকে?
এর আগে ‘ডন'-এর রিমেক ও ‘কেবিসি'-তে সঞ্চালনা নিয়ে অমিতাভ-শাহরুখের প্রতিদ্বন্দ্বিতা সামনে এসেছিল। শাহরুখের ডন হিট করলেও সফল হয়নি কেবিসি। তবে এবার ‘হাম'-কে সুপারহিট করাতে সব ফর্মুলা-ম্যাজিক কাজে লাগাচেছন রোহিত। ছবিতে রয়েছেন জেন নেক্সট-এর দুই হার্টথ্রব বরুণ ধাওয়ান এবং সিনার্থ মালহোত্রা।
‘অরিজিনাল' ছবিতে এঁদের চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দা-রজনীকান্ত। ‘সিংহাম রিটার্নস' হিট হতেই সম্প্রতি ‘হাম' রিমেকের কথা ঘোষণা করেন রোহিত। জানিয়েছেন, চমকে ভরপুর ‘হাম'। ছবিতে থাকছে শাহরুখ-কাজলের ‘মিডাস টাচ'। অর্থাত আবার একসঙ্গে রাজ-সিমরন। রাহুল-অঞ্জলি। পর্দায় এই জুটি মানেই বিস্ফোরণ। বিস্ফোরণ দর্শকের আবেগের। ভাললাগার। ভালবাসার।
বিস্ফোরণ বক্স-অফিসের লাভের খাতায়। বিস্ফোরণ পুরস্কার-মঞ্চে। বলিউডের সেই 'গোল্ডেন' জুটিকেই আরও একবার বড় পর্দায় ফিরিয়ে আনছেন রোহিত। নিন্দুকেরা অবশ্য শাহরুখ-কাজলের থেকে বিগ বি-এসআরকে'র ঠান্ডা লড়াইয়ে ইন্ধন জোগাতে বেশি মনোযোগী হয়ে পড়েছেন! এদিকে শাহেনশা-বাদশার নীরব লড়াইয়ে আগুন ধরিয়েই মুখে কুলুপ এঁটেছেন পরিচালক।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





