দেশের প্রধান জাতীয় সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের যৌথ উদ্যোগে হয়ে গেলো ১৪তম ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান।
৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেইমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি।               প্রধান অতিথি উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিজেএফবির প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, অফিসিয়াল ব্রডকাস্টার একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম, পাওয়ার্ড বাই ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং স্টাইল পার্টনার আল-হাসান ডায়মন্ড গ্যালারির চেয়ারম্যান মো. খবির উদ্দিন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, ভাসাভী ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান। সভাপতিত্ব করবেন সিজেএফবি সভাপতি এনাম সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিজেএফবির উপদেষ্টা অনুরূপ আইচ ও এম এস রানা। স্বাগত বক্তব্য রাখেন সদস্যসচিব তামিম হাসান।
অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন ভারস্যাটাইল অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি বলেন, আমি সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজ আমাকে এই সম্মানে ভূষিত করলো। যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আমার প্রশংসা করেছেন, এমনকি এক সময় যারা আমার নামে মিছে কথা লিখেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।
সিজেএফবি বাংলাদেশের পারফর্মিং মিডিয়ায় বিশেষ অবদানের জন্য দেশসেরা শিল্পী তারকাদের মাঝে পুরস্কার বিতরণ করে আসছে ১৩ বছর ধরে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়া থেকে চলতি আসরে ৩টি করে মনোনয়ন পেয়েছেন মোট ৪৫ জন।
ইউরো-সিজেএফবি বিশেষ সম্মাননা ছিল আরও তিনটি বিভাগে। পুরস্কার বিতরণীর পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করেন দেশসেরা তারকারা।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]