এগারো বছরের সংসার জীবনের ইতি টানলেন কারিশমা কাপুর। স্বামী দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারা দুজনে সমাঝোতার ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় আলাদা হয়েছেন বলে খবর দিয়েছে মুম্বাই মিরর।
পত্রিকাটি জানায়, বান্দ্রায় পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের বিষয়ে সুরাহা হয়। সেখানে মুখ্য বিচারক লক্ষ্মী রাওয়ের আদালতে তিন ঘণ্টা ধরে শুনানি হয়। আদালতে কারিশমা ও সঞ্জয় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত জানান।
দুই সন্তান সামিরা ও কিয়ান কাপুর তাদের বাবার হেফাজতে থাকবে বলে মত দিয়েছেন কারিশমা।
কারিশমা ও সঞ্জয়ের এক পারিবারিক বন্ধুর বরাত দিয়ে মিরর  জানায়, শান্তিপূর্ণভাবে  বিষয়টি সমাধান হয়েছে। কোনো জটিলতা তৈরি হয়নি।[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400907837.jpg[/img]
আইনজীবী মহেশ মালানি ও ক্রান্তি শেঠি কারিশমার পক্ষে আদালতে শুনানি করেন। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী ছিলেন জালাজা নামবিয়ার, নারায়ণ সুর্বণা ও রাধিকা মেহতা।
এই বিবাহবিচ্ছেদের পেছনে কারণ হিসেবে নানা গুঞ্জন রয়েছে। কারিশমার সঙ্গে বনিবনা না হওয়ার অভিযোগ এনে সঞ্জয় সন্তানদের নিজের তত্ত্বাবধানে পাওয়ার জন্য গত ১৯ মে আদালতের শরণাপন্ন হন।
২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সঞ্জয় ও অভিনেত্রী কারিশমা কাপুরের বিয়ে হয়। তাদের প্রথম সন্তান সামিরার জন্ম হয় ২০০৫ সালের ১১ মার্চ। দ্বিতীয় সন্তান কিয়ানের জন্ম হয় ২০১০ সালের ১২ মার্চ। কিয়ানের জন্মের পর কারিশমা মুম্বাইয়ে মায়ের কাছে চলে যান এবং তখন থেকে মায়ের বাড়িতেই থাকছেন।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]