ছোটপর্দা ছেড়ে ক্রমেই সিনেমাতে ব্যস্ত হয়ে পড়ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। চলচ্চিত্রের ব্যস্ততায় মিম সিদ্ধান্ত নিয়েছেন, শুধুমাত্র ‘বিশেষ’ নাটকেই অভিনয় করবেন।
মিম জানিয়েছেন, ধীরে ধীরে নাটক থেকে নিজেকে গুটিয়ে নেবেন। সিনেমাতেই পুরোপুরি মনযোগী হবেন।
আরও জানালেন, ঈদের পর বছরের বাকিটা সময় সিনেমার শুটিংয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াতে হবে। কাজেই নাটকে অভিনয়ের সুযোগ থাকছে না।
“নাটকে অভিনয় কমিয়ে দেব, এ সিদ্ধান্ত অনেকদিন আগেই নিয়েছি। আমি সিনেমাতেই নিয়মিত হব। নাটকে কালেভদ্রে কাজ করছি। আমি বিশেষ দিবসের জন্য বিশেষ নাটক ছাড়া অভিনয় করব না।”
ঈদ নাটকের ব্যস্ততম নায়িকাদের তালিকায় এবার মিম নেই। হাতে গোণা কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। এবার ঈদে প্রচারিত হতে পারে মিম অভিনীত মাহমুদ দিদারের ‘স্বৈরাচার’, মাবরুর রশিদ বান্নাহর ‘উদ্দেশ্য’, ইমরাউল রাফাতের ‘ওল্ড ইজ গোল্ড’, রুমান রণির ‘চিত্রাঙ্গদা’।
মিম জানান, ‘স্বৈরাচার’ নাটকে তিনি অভিনয় করেছেন এক নায়িকার চরিত্রে। নাটকে তার চরিত্রের নাম ‘সোফিয়া’। ব্যস্ততম নায়িকা সোফিয়াকে নিয়ে একটি সিনেমা বানাবে বলে সিদ্ধান্ত নেয় খেপাটে চলচ্চিত্রকার ঋত্বিক। ঋত্বিক কোনোভাবেই সোফিয়াকে রাজি করাতে না পেরে শেষে অপহরণ করে তাকে। সোফিয়াকে নিজের মতো করে গড়ে নিতে চায় সে।
মিম বলেন, “এ নাটকে নিজের অভিনেত্রী সত্ত্বাটি ফুটিয়ে তোলা বেশ কঠিন ছিল। ‘সোফিয়া’ চরিত্রটি আমার নিজের গল্প বলে মনে হয়েছে। অথচ নিজের গল্প পর্দায় ফুটিয়ে তোলা কতো কঠিন ছিল।”
‘উদ্দেশ্য’ এবং ‘ওল্ড ইজ গোল্ড’ নাটকে মিমের বিপরীতে অভিনয় করছেন তাহসান। ‘উদ্দেশ্য’ নাটকে দেখা যাবে, পুলিশ অফিসার মিম তাহসানকে ধরতে নানা ফাঁদ পাতেন। ‘ওল্ড ইজ গোল্ড’ নাটকটি সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত।
ঈদের পর মিম ‘গুড মর্নিং লন্ডন’ নামে একটি সিনেমার শুটিং শুরু করবেন। এই সিনেমা দিয়েই চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।
এই সিনেমাতে মিম এক প্রবাসী মেয়ের ভূমিকায় অভিনয় করবেন।
এছাড়া এ বছরই মিম শুরু করবেন সাফিউদ্দিন সাফির ‘ড্রিমগার্ল’ সিনেমার শুটিং। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান।
মিম এখন অভিনয় করছেন তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ সিনেমাতে। শত বছর আগের এক জমিদার বাড়ির গল্প নিয়ে নির্মিত এ সিনেমাতে মিম এক বাঈজির চরিত্রে অভিনয় করছেন।
এ বছর মিম অভিনীত ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে।
ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





