অবশেষে ভারতের মথুরা জেলা দেখা পেল তাদের সাংসদ হেমা মালিনির। নির্বাচনে জেতার পর তৃতীয়বারের মত নিজের এলাকায় পা রাখলেন তিনি।চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে মথুরার সাংসদ নির্বাচিত হন হেমা। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর থেকে আর তার দেখা পায়নি জেলার অধিবাসীরা। কেবল একদিন কয়েক ঘণ্টার জন্য উপস্থিত হয়ে মথুরাবাসীকে ধন্যবাদ জানানোর পর গায়েবই হয়ে যান তিনি।
আর তাই সাংসদের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব এই পন্থা বেছে নেন মথুরার মানুষ। পুরো এলাকাজুড়ে পোস্টার পড়ে - যেখানে লেখা ছিল 'হেমা মালিনি নিখোঁজ!’ আর তাতেই বোধহয় টনক নড়েছে হিন্দি সিনেমার ‘ড্রিম গার্ল’-এর। তড়িঘড়ি করে পৌঁছে গেছেন নিজের এলাকায়। তবে হেমা বলছেন, বিরোধী দলের কর্মীরাই এ ধরনের প্রচারণা চালিয়েছে।
শুক্রবার পহেলা অগাস্ট দিল্লি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত মথুরা জেলায় যান হেমা। দপ্তরে তাকে ঘিরে দেখা যায় অন্যরকম এক জটলা। যেখানে ভক্তরা তাকে এক নজর দেখতে নয়, নানা সমস্যা নিয়ে হাজির হয়েছেন কর্মীরা। দপ্তরের দরজা বন্ধ করে কর্মীদের সঙ্গে যখন বৈঠকে বসেছিলেন হেমা, তখন বাইরে ছিল বিক্ষুব্ধ জনতার ঢল।
মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এই অনুষ্ঠানের কারণে তিনি নতুন সরকারের বাজেট অধিবেশনেও অংশ নিতে পারেননি। সব মিলিয়ে নিজের দলের জন্য এখনও কিছুই করা হয়নি হেমার।
এ ব্যাপারে হেমা বলেন, "আমি আমার নেতাদের আগেই বলেছি, যুক্তরাষ্ট্রে আমার একটি নাচের অনুষ্ঠান আছে যা নির্বাচনের আগে থেকেই ঠিক করা ছিল। রাজ্যসভা এমপি হিসেবে আমার উপস্থিতি হার সর্বোচ্চ। এ বিষয়ে আমার সমালোচনা কেউ করতে পারবে না। " মন্দিরের নগর মথুরাকে নির্বাচনের আগে নিজের ‘আধ্যাত্মিক বাসস্থান’ বলে অভিহীত করেছিলেন হেমা। প্রতিশ্রুতি দিয়েছিলেন, যতটা সম্ভব নিজের এলাকায় সময় দেবেন। আর তাই অনুযোগ করে হেমা বলেন, "সরকার তো মাত্রই কাজ শুরু করেছে, এখনই এত তাড়া কেন সবার?"
তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রে থাকাকালীন আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা মথুরার উন্নয়নে সাহায্য করতে চায়। ইতোমধ্যেই ওখানে একটি দাতব্য তহবিল গঠন করা হয়েছে এই উদ্দেশ্যে।" মথুরা ছেড়ে রওনা দেয়া আগে হেমা জানালেন, বিজেপি সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি এটা সত্য। কিন্তু তিনি চান, তার এলাকাবাসী যেন বোঝেন, তিনি সব প্রতিশ্রুতি রাখার যথাসম্ভব চেষ্টা করছেন।
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





