চলে গেলেন 'মিসেস ডাউটফায়ার'-এর জন্যে বিখ্যাত হলিউড অভিনেতা রবিন উইলিয়ামস। ৬৩ বছর বয়সে মারা গেলেন অস্কারজয়ী প্রখ্যাত এ অভিনেতা। তবে, ধারণা করা হচ্ছে এই বিশ্বখ্যাত অভিনেতা আত্মহত্যা করেছেন।

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন রবিন উইলিয়াস। পুলিশের সন্দেহ সেই কারণেই আত্মহত্যা করেছেন এই অভিনেতা। যদিও তার ঘনিষ্ঠ সূত্রে এখনও আত্মহত্যার কথা নিশ্চিতভাবে জানানো হয়নি।

রবিন উইলিয়ামসের পরিবারের তরফ থেকে গোপনীয়তা প্রার্থনা করা হয়েছে। তার স্ত্রী আবেদন করেছেন মৃত্যুর পরে রবিনকে যেন শুধু তার কাজের মধ্যেই মনে রাখা হয়।

১৯৯৭ সালে এন্টারটেইনমেন্ট উইকলি এই প্রখ্যাত হলিউডি অভিনেতাকে 'পৃথিবীর সবচেয়ে মজার জীবিত মানুষ' উপাধি দেয়। বহু সিনেমা ও টেলিসিরিজে এই কৌতূকাভিনেতার অবিস্মরণীয় অভিনয় তাকে চিরকাল দর্শকদের কাছে অমর করে রাখবে।

তবে শুধু মাত্র কৌতূক চরিত্রেই নয়, বিভিন্ন সিরিয়াস চরিত্রেও দাপটের সঙ্গে নিজের প্রতিভার প্রমান দিয়েছিলেন রবিন। 'গুড উইল হান্টিং'-এর জন্য ১৯৯৭ সালে শ্রেষ্ঠ সহ-অভিনেতার অস্কার ছিনিয়ে নেন তিনি।

'দ্য ফিশার কিং', 'ডেড পোয়েটস সোসাইটি' ও 'গুড মর্নিং, ভিয়েতনাম'- এই তিনটি সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন পেয়েছিলেন রবিন।
সমসাময়িক সময়ের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা রবিন উইলিয়ামস বিখ্যাত মার্কিনি কমেডি টেলিসিরিজ 'মর্ক অ্যান্ড মাইন্ডি'-তে অভিনয় করে সারা বিশ্বের মন জয় করেছিলেন। সূত্র: জি নিউজ

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ