পশ্চিমবঙ্গের সারদা আর্থিক কেলেঙ্কারি তদন্তে রাজ্যের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) মুখোমুখি হতে যাচ্ছেন অভিনেতা ও সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। আগামী সপ্তাহে মুম্বাইকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার সঙ্গীতশিল্পী সদানন্দ গগৈকে জেরা করে গোয়েন্দা সদস্যরা।
সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল মিঠুনকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা দেবে।
সিবিআইয়ের দাবি, কলকাতায় মিঠুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তাতে বিপত্তি দেখা দিতে পারে। সিজিও কমপ্লেক্সে মিঠুনকে তলব করা হলে সেখানে উৎসুকদের ভিড় জমে যেতে পারে। এ কারণে সিবিআই দল মুম্বাইয়ে যাবে।
সিবিআইয়ের ধারণা কণ্ঠশিল্পী সদানন্দ গগৈয়ের হাত ধরেই প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন সারদ গ্রুপের মালিক সুদীপ্ত সেন।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) গুয়াহাটিতে সদানন্দ গগৈয়ের বাড়িতে তল্লাশি চালায় গোয়েন্দা সংস্থার সদস্যরা। তল্লাশি চালিয়ে বেশ কিছু অসঙ্গতি পাওয়ায় শুক্রবার তাকে তলব করা হয়। কলকাতার অদূরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছান সদানন্দ গগৈ৷ সারদা গ্রুপের বিজ্ঞাপন নির্মাতা-নির্দেশন ছিলেন তিনি।
এর আগে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের জেরার মুখে পড়েন মিঠুন চক্রবর্তী। সারদ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বেসাডর ছিলেন তিনি। মাসপ্রতি বেতন পেতেন ২০ লাখ টাকা।
শুধু ব্র্যান্ড অ্যাম্বেসাডর হয়েই তিনি এত টাকা বেতন পেতেন না পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা জানার চেষ্টা করবে সিবিআই।
এর আগে মিঠুন অভিযোগ করেন, চুক্তি মোতাবেক সারদাগোষ্ঠীর কাছে এখনও ২৪ লাখ টাকা পাওনা রয়েছে তার।
সারদা আমানতকারীদের কাছ থেকে দুই হাজার ৪৬০ কোটি টাকা তোলে। এর মধ্যে ৪৭৫ কোটি টাকা ফেরত দিলেও বাকি এক হাজার ৯২৮ কোটি টাকার খোঁজ মিলছে না। এটি সারদা কেলেঙ্কারি নামে পরিচিত। এ কেলেঙ্কারি খতিয়ে দেখতে তৎপরতা শুরু করে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





