সালমান খানের বহুল আলোচিত ছবি 'কিক' নিয়ে বলিউডে জল্পনা কল্পনার শেষ নেই। ধুমধাড়াক্কা টিজারের পর বর্তমানে হইচই চলছে আইটেম গানের নায়িকা নিয়ে। তবে হইচইয়ের পালা শেষ। 'রকস্টার' খ্যাত নার্গিস ফাখরিই থাকছেন আইটেম নাম্বারে।

বলিউড লাইফ জানায়, প্রথমে নির্মাতা আইটেম গানটির জন্য বক্স অফিস কুইন দীপিকা পাডুকোনকেই চেয়েছিলেন। কিন্তু দীপিকা শিডিউল না দেয়ায় গানটি চলে যায় সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের হাতে। সেই সঙ্গে আবারও রূপালি পর্দায় সালমান-ক্যাটরিনা জুটিকে একসঙ্গে দেখার প্রত্যাশা জাগে দর্শকদের মধ্যে। কিন্তু সে প্রত্যাশাতে পানি ঢেলে দেন ক্যাটরিনা। অবশেষে নার্গিস ফাখরি আইটেম নাম্বারটিতে পারফর্ম করতে সম্মতি দেন।

এর আগেও 'আর রাজকুমার' ছবিতে 'ধাতিন নাচ' নামক একটি আইটেম গানে পারফর্ম করেন নার্গিস। যা বেশ জনপ্রিয়তা পায়। 'কিক' ছবির আইটেম গানটিও দর্শকদের মন জয় করবে আশা করছেন এ অভিনেত্রী।

জানা গেছে, আহমদ খানের কোরিওগ্রাফিতে বেশ ঝাঁঝালো পোশাকে এ গানে নাচবেন তিনি।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ