চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানে একসঙ্গে গান করলেও নাটকের গানে এবারই প্রথম গাইলেন কিংবদন্তিতুল্য দুই কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।

সম্প্রতি 'দলছুট প্রজাপতি' নামের ধারাবাহিক নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তারা। 'দলছুট' প্রজাপতি উড়ে যায় কোন আকাশে ... এমনই গানের কথার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশের শীর্ষ এ দুই কণ্ঠশিল্পী। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।

মে মাসে গানটিতে প্রথম কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। দেশের বাইরে থাকায় রুনা লায়লা সে সময় কণ্ঠ দিতে পারেননি বলে আয়োজক সূত্র জানায়। সম্প্রতি রুনা লায়লা দেশে ফেরায় ২০ জুলাই তার অংশে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে রেকডিং পর্ব শেষ করেন।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, খুবই ভালো লেগেছে 'দলছুট প্রজাপতি' গানটি করে। নাটকের গানেও এখন বৈচিত্র্য যোগ হচ্ছে_ এ গানটি তারই প্রমাণ। রুনা লায়লার কথায় চমৎকার একটি গান করেছি নাটকের জন্য। ভালো লাগছে এটা ভেবে যে, গানটিতে আমার সহশিল্পী সাবিনা ইয়াসমিন। আশা করছি, গানটির মতো নাটকটিও সবার ভালো লাগবে।

ফারিয়া হোসেনের রচনায় 'দলছুট প্রজাপতি' নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। শিগগিরই নাটকটি নির্দিষ্ট একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, প্রায় চার দশক আগে প্রতিনিধি ছবিতে সত্য সাহার সুরে 'তুমি বড় ভাগ্যবতি' গানটি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন প্রথমবার এক সঙ্গে গেয়েছিলেন। পরে ইমন সাহার সঙ্গীতায়োজনে একই গানে আবারও কণ্ঠ দেন তারা। এ ছাড়াও কবির বকুলের কথা ও আলম খানের সুরে 'তোমার গান আমার গান' শিরোনামের নতুন একটি দ্বৈত গান করেছিলেন তারা।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই