২০০৪ সালে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ছবি ‘ব্যাচেলর’। ছবিটি শুধু মাত্র বলাকায় মুক্তি পেয়েছিল। এরপর থেকে তার ছবি দেশের অন্যান্য হলেও মুক্তি পেয়েছে। কিন্তু বলাকাকে তিনি তার প্রথম প্রেম হিসেবে বলছেন।

তিনি আরও বলেছেন স্টার থেকে সবচেয়ে বেশি আয় আসলেও বলাকার প্রতি আলাদা মায়া কাজ করে। তাই তার, দর্শক এবং বলাকা হলের এই ত্রিমূখী প্রেমের ১১বছর পূর্তি উপলক্ষে এক উপহারের আয়োজন করা হয়েছে দর্শকদের জন্য। শুক্রবার থেকে বলাকা হলে ছবি দেখা দর্শকদের মাঝ থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দশজনকে পিঁপড়াবিদ্যা টিমের সাথে ডিনারের আমন্ত্রণ জানানো হবে।

বৃহস্পতিবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এইসব কথা লিখেন।

পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

“আমার প্রথম ছবি শুরুতে মুক্তি পেয়েছিলো একটা মাত্র হল- বলাকায় । মনে আছে দুরু দুরু বুকে টোকন আর মারজুকসহ একটা রিকশা নিয়ে নিউমার্কেটের সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বলাকার গেটের দিকে তাকিয়ে ছিলাম । শো ভাংতে দেখি শত শত দর্শক বেরোচ্ছে । ঐ সময়ের শিহরণ আর আনন্দ কি রকম ছিল বলে বোঝাতে পারবোনা । সেই থেকে বলাকাও আমার প্রথম প্রেম।

যদিও সিনেপ্লেক্সের প্রতিও আমার প্রেম কম নাই । সিনেপ্লেক্সের প্রজেকশন সবচেয়ে ভালো, আয় রোজগারও সিনেপ্লেক্স থেকে বেশী হয় । কিন্তু প্রথম প্রেমের তো একটা ব্যাপার আছে ।

আমার সাথে বলাকার এবং আপনাদের এই ত্রিমুখী প্রেমের এগারো বছর পূর্তি স্মরণীয় করে রাখতে বলাকা হল কর্তৃপক্ষ আপনাদের জন্য একটা উপহারের প্রস্তাব করতেই আমি রাজি হয়ে যাই।

উপহারটা কি?

কাল শুক্রবার থেকে বলাকায় ছবি দেখা সব দর্শকদের মাঝ থেকে লটারির মাধ্যমে বিজয়ী দশজনকে তারা পিঁপড়াবিদ্যা টিমের সাথে ডিনারে আমন্ত্রণ জানাবে। ডিনারে আমাকেও নাকি থাকতে হবে 

ফলে যারা যারা কাল থেকে বলাকায় সিনেমা দেখবেন তাদের জন্য ছবি দেখা ছাড়াও অপেক্ষা করছে একটা উপহার ।

বলাকাকে ধন্যবাদ ফিল্মমেকার এবং দর্শকদের সাথে এই সম্পর্কটাকে শ্রদ্ধা করার জন্য । 

এই দিকে বাংলাদেশের দর্শকদের সালাম না দিলে অন্যায় হবে । কালকে রাতে প্রথম এগারো দিনের এডমিশন স্টেটমেন্ট পেলাম । ইটস ফ্যানটাসটিক । যারা ভাবেন বাংলাদেশের দর্শক বোকা, তাদের প্রতি অনুরোধ দর্শকের বুদ্ধি নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই । দর্শক অনেক জাতের আছে, তার রুচিও বিচিত্র ধরনের । “ভাই ও বোনেরা, আমাদের একটা নতুন তরুণ দর্শক শ্রেণীর আবির্ভাব ঘটেছে । ইহাদের দেখা শোনার জগত একটু বিস্তৃত”!”

জেআই