ছোট পর্দার জনপ্রিয় পরিচালক শিহাব শাহিন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’র শুটিং শেষে এবার ডাবিং এ যাচ্ছে। ছবিটিতে প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন আরেফিন শুভ ও জাকিয়া বারী মম।
শিহাব শাহিন বলেন, ‘চলতি বছরের মে মাস থেকে ছবিটির শুটিং শুরু হয়েছিল। অক্টোবরে শুটিং শেষ হওয়ার পর এতদিন ধরে সম্পাদনার কাজ চলছে। চলতি মাসের ১৬ তারিখ থেকে ডাবিং এর কাজ শুরু হবে। আশা করছি সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তি দিতে পারি’।
রোমান্টিক ঘরানার এই ছবিটির প্রযোজনা করছে ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, ইরেশ যাকের, মাহমুদুল ইসলাম মিঠু, খালেকুজ্জামান, সুষমা সরকার, নওশাবা, প্রমুখ।
ছবিটিতে গান রয়েছে মোট ৬টি। এর মধ্যে ‘ভালোবাসা দাও ভালোবাসা নাও’ শিরোনামের গানটি লিখেছেন মারজুক রাসেল, সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। বাকি গানগুলো সুর ও সংগীত পরিচালক ছিলেন সাজিদ সরকার। এর মধ্যে ‘ছুয়ে দিলে মন’ গানে তাহসান ও শকিলা, ‘শূন্য থেকে আসে প্রেম’ গানে কণা ও ইমরান, ‘চিনি না’ গানে শাওন, ‘চলে যাও’ গানে শাওন ও শাকিলা এবং ‘ছুঁয়ে দিলাম’ গানে কণ্ঠ দিয়েছেন নির্জ হাবিব। এগুলো লিখেছেন সাজু খাদেম, শাহান কবন্ধ, সোমেশ্বর অলি ও সিরাজুম মনির।
জেআই





