নতুন বছরে মোহনা টেলিভিশন নতুন নতুন বেশ কিছু অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছে দর্শকদের। যার মধ্যে বছরের প্রথম মাস জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ভিন্নধর্মী ট্রাভেল শো ‘ট্রাভেলার্স আই”।
মোহনা টিভির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন মজুমদারের সাথে আলাপকালে তিনি জানান, দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে আমরাও মোহনা টেলিভিশনের অনুষ্ঠানমালায় নতুনত্ব আনার পরিকল্পনা নিয়েছি।
তিনি বলেন, নতুন বছরে মোহনার পর্দায় চোখ রাখলেই দর্শক খুঁজে পাবেন নতুনত্ব। অনুষ্ঠানে ভিন্নতা আনার জন্য তিনি এরই মধ্যে বেশকয়েকজন গুণী নির্মাতাকে দায়িত্ব দিয়েছেন।
তরুন পরিচালক বশির আহমদের পরিকল্পনা ও পরিচালনায় ট্রাভেল শো ‘ট্রাভেলার্স আই’ সম্পর্কে জিয়াউদ্দিন মজুমদার বলেন, বশির আহমদের সাথে আলাপকালে এই অনুষ্ঠানটির কনসেপ্ট আমার ভালো লেগেছে, বিশেষ করে বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে এ ধরনের অনুষ্ঠান খুবই প্রয়োজন, আশাকরি দর্শকদেরও অনুষ্ঠানটি ভালো লাগবে। নাহিদ হাজারিকার সাবলিল উপস্থাপনা ও বশির আহমদের পরিচালনায় ‘ট্রাভেলার্স আই’ শুরু হচ্ছে।
আগামী ৪ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহের রোববার রাত ১১:১০ মিনিটে ধারাবাহিকভাবে নিয়মিত প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এ বিষয়ে আলাপকালে পরিচালক বশির আহমদ টাইমনিউজবিডিকে বলেন, 'যেহেতু বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বের তথা দেশের মানুষের সামনে তুলে ধরবার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, তাই প্রথম পর্বটি সাজিয়েছি বাংলাদেশের পর্যটননগরী কক্সবাজারকে নিয়ে। পর্যায়ক্রমে দেশের তথা বিদেশের বিভিন্ন পর্যটন এলাকা দর্শকদের সামনে তুলে ধরা হবে।'
তিনি আরও বলেন, পর্যটন শিল্প নিয়ে দর্শকদের যে বিপুল চাহিদা রয়েছে তা অনেকটাই প্রকাশ পেয়েছে ‘ট্রাভেলার্স আই’ এর প্রোমোশনাল প্রচার হওয়ার পর দর্শকদের আগ্রহ দেখে।
পরিচালক সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমেও প্রচুর সারা পেয়েছেন তিনি। অনুষ্ঠানটির মান বজায় রাখা এবং দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠানটি নির্মাণে সকলের কাছে দোয়া চেয়েছেন এই গুণী পরিচালক। টিভি চ্যানেলগুলোর প্রতিযোগিতার মুখে অবশেষে মোহনা টেলিভিশনের অনুষ্ঠানমালায় নতুনত্ব আনার এই পরিকল্পনা দর্শক কতটা গ্রহণ করে সেটাই এখন দেখবার বিষয়।
জে.এ





