মোশাররফ করিম, তারিন ও শামীম জামান একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ভণ্ডপ্রেমিক। গল্প রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল এবং নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। এবারই প্রথম শামীম জামানের নির্দেশনায় কাজ করেছেন তারিন।
সম্পূর্ণ ঢাকাইয়া ভাষায় নির্মিত এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, নিঃসন্দেহে এটি একটি ভাল গল্পের নাটক। বেশ কিছুদিন বিরতির পর তারিনের সঙ্গে অভিনয় করেছি। তারিন এমন গুণী একজন শিল্পী যার অভিনয়শৈলীর কারণেই তিনি আমার খুব প্রিয় অভিনেত্রীদের একজন। আশা করি ভিন্ন ঘরানার গল্পের এ নাটকটি দর্শকদের ভাল লাগবে।
তারিন বলেন, শামীম ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। তিনি বেশ গুছিয়ে কাজ করেন। আর করিম ভাইয়ের সঙ্গে কাজ করাটা সব সময়ই আমি দারুণ উপভোগ করি। মাঝে মাঝে এমনও হয় যে, তার সঙ্গে অভিনয় করার সময় না হেসে পারাই যায় না। নাটকের গল্পটি একেবারেই অন্যরকম।
শামীম জামান বলেন, আমার বন্ধু মোশাররফ করিমের কাছে কৃতজ্ঞ। ব্যস্ততার মধ্যেও সে আমাকে সময় দিয়েছে। সেই সঙ্গে তারিনের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





