রাম-লীলা তারকা দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীর কাপুর। আর গত বছর রাম-লীলা ছবিতে অভিনয়ের সময় থেকেই দীপিকার সঙ্গে রণবীর সিংয়ের প্রেমের জোর গুঞ্জন চলছে।
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে রণবীর সিং এবং রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন দীপিকা। রণবীর সিংয়ের সঙ্গে সখ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখলেও এখন পর্যন্ত তাঁদের সম্পর্ক নির্দিষ্ট কোনো সংজ্ঞায় ফেলার মতো পর্যায়ে পৌঁছায়নি বলেই জানিয়েছেন দীপিকা।
অন্যদিকে রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগলেও, এখন তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং সামনে জুটি বেঁধে অভিনয় চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন ২৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
গত বছর মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানশালীর রাম-লীলা ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে সখ্য গড়ে ওঠে রণবীর সিং ও দীপিকার মধ্যে।
পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁদের। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে হাজির হতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে এই জুটির প্রেমের জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউডে। এখন পর্যন্ত প্রেমের কথা অস্বীকার না করলেও সম্পর্কের স্পষ্ট কোনো সংজ্ঞা তাঁরা দেননি।
রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে দীপিকা বলেন, রণবীর এবং আমার সম্পর্কটা বেশ কাছের। কিন্তু আমরা একে অন্যকে জীবন সঙ্গী হিসেবে দেখছি কি না, তা বলার সময় এখনো আসেনি। প্রতিটি সম্পর্ক গড়ে উঠতেই সময় লাগে। রাতারাতি তা হয় না। রণবীরের সঙ্গে সখ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখলেও এখন পর্যন্ত আমাদের সম্পর্ক নির্দিষ্ট কোনো সংজ্ঞায় ফেলার মতো পর্যায়ে পৌঁছায়নি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
অন্যদিকে সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে দীপিকা বলেন, ‘আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগেছিল। পুরোনো সম্পর্কের কথা আমি বারবার মনে করতে চাই না। রণবীর ও আমার সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আমি খুশি। আমরা জুটি বেঁধে অনেক ভালো ভালো ছবি উপহার দিচ্ছি। এক্ষেত্রে আমাদের এক সময়ের ব্যর্থ সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলুক, তা আমি চাই না।
দীপিকা আরও বলেন, ওম শান্তি ওম ছবির একটি সংলাপ আমার জীবনের সঙ্গে পুরোপুরি মিলে যায়। আর তা হলো, আপনি যখন কোনো কিছু পুরো হৃদয় দিয়ে চান, তখন তা পাওয়ার ক্ষেত্রে সবাই আপনার সাহায্যে এগিয়ে আসে। আমার জীবনের ব্যর্থতাগুলোই আমাকে উন্নত মানুষে পরিণত করেছে। ব্যর্থতাই আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু। হোক তা চলচ্চিত্র কিংবা ব্যর্থ প্রেম।
জেআই





