বলিউডের সবচেয়ে আকর্ষণীয় ব্যাচেলর হিসেবেই শুধুমাত্র খ্যাতিমান নন সালমান খান, নতুনদের জায়গা দিয়ে তাদের হাতে ধরে উজ্জ্বল একটি ক্যারিয়ার গড়িয়ে দিতেও সিদ্ধহস্ত তিনি। সাল্লুর হাত ধরে 'বার্বি ডল' ক্যাটরিনা কায়েফ বা হাঙ্ক অর্জুন কাপুরসহ অনেকেই আজ সিনেমাপাড়ায় পাকা আসন গড়েছেন।
প্রতিভাবান নতুনদের খুঁজে এনে তাদের ক্যারিয়ার গড়ে দেয়া যেনো সালমানের একটি শখ। সর্বসম্প্রতি আরেক নবাগতার ক্যারিয়ার গড়ে দিতে নাকি 'সিক্রেট' পরিকল্পনা নিয়েছেন তিনি। এবার বলিউড পেতে যাচ্ছে এলি আভরাম নামের আরেক লাস্যময়ীকে।
ভারতের শীর্ষস্থানীয় একটি দৈনিকে সুইডিশ সুন্দরী এলি ও সালমানের কথা প্রকাশিত হয়েছে। 'বিগবস ৭'-এ এক প্রতিযোগী হিসেবে এসেছিলেন আভরাম। এর পর থেকে এই সুন্দরীর সঙ্গে নাকি সালমানের বেশ জমেছে। এ দুজনের রসায়ন নিয়েও চিন্তা-ভাবনা করে পছন্দ করেছেন ভক্তরা।
প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই হয়তো সুইডেনের এই অপরূপা বলিউডে পা রাখবেন সালমানের হাত ধরে। হয়তো তার প্রোডাকশন হাউজের আগামী ছবিতেই ভাগ্যের দেখা মিলতে পারে এলির। তবে যাই হচ্ছে তা সালমানের গোপন পরিকল্পনার অংশ বলে জানা গেছে।
ওই দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এলি বলেন, আমি নিজেও জানি না প্রজেক্টের বিষয়ে। তবে ধারণা করছেন যে, তার জন্যেই হয়তো কিছু করছেন সালমান।
সাল্লু সব সময়ই পরোপকারী হিসেবে সর্বজনশ্রদ্ধেয়। নতুনদের এনে বলিউডকে আরো সমৃদ্ধই করছেন সালমান। তাই এ কাজে সালমানের সঙ্গে কারো কোনো বিরোধ নেই।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





