বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সালমান খান, ‘অঘটন ঘটন পটিয়সি’ হিসেবে যার খ্যাতি বিশ্বজোড়া। এবার তিনি আলোচনায় আসলেন পাশের বাড়ির দেয়াল টপকিয়ে।

দৃশ্যটি দেখে যে কেউ হবাক হবেন- সালমান খান পাশের বাড়ির দেয়াল টপকে নিজের বাড়িতে ঢুকছেন।  না, কোন ছবির দৃশ্যের কথা বলা হচ্ছে না। বাস্তবিকই সালমান এমন কান্ড ঘটালেন।

অবিশ্বাস্য শোনালেও, এবারের ঈদে এমন ঘটনার জন্ম দিয়ে ফের খবরের শিরোনাম হলেন অ্যাকশন বয় সালমান। বাড়ির সামনে জড়ো হওয়া ভক্তদের চোখ এড়িয়ে বাড়ির ভেতর ঢুকতে এমন অভিনব পথই বেছে নেন তিনি।

এর আগে বিভিন্ন সময়ে নানা অদ্ভুত কীর্তিকলাপ ঘটিয়ে বহুবারই খবরের শিরোনাম হয়েছেন তিনি।  আর এবার একেবারে ব্যাতিক্রমধর্মী ঘটনা-ভক্তদের চোখ এড়াতে পাশের বাড়ির দেয়াল টপকে নিজের বাড়িতে ঢুকে খবরের শিরোনাম হলেন তিনি।

ঈদ উপলক্ষে মেহবুব স্টুডিওতে সংবাদ কর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর গাড়িতে চেপে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরছিলেন সালমান।  কিন্তু বাড়ির সামনে গিয়ে দেখেন ভক্তদের জটলা।  ঈদে প্রিয় অভিনেতাকে একনজর কাছ থেকে দেখার জন্য জড়ো হয়েছেন তাঁরা।

ভক্তদের ভিড় ঠেলে বাড়ির ভেতর ঢুকতে অনেকটা সময় লেগে যাবে।  কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সালমানের আর তর সইছিল না।  এ অবস্থায় অদ্ভুত এক পথই বেছে নেন তিনি।  গাড়ি থেকে নেমে পড়েন। নামার আগে গাড়িচালককে গাড়ি না থামিয়ে সোজা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকে পড়ার নির্দেশ দেন।

ভক্তদের চোখ ফাঁকি দিয়ে গাড়ি থেকে নেমে কিছু দূর হেঁটে পাশের বাড়ির দেয়ালে উঠে পড়েন এবং লাফ দিয়ে নেমে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সীমানায় ঢুকে যান।  এভাবে গাড়িচালক গাড়ি নিয়ে ভেতরে ঢোকার অনেক আগেই বাড়ির ভেতর ঢুকে পড়েন সালমান।  সম্প্রতি এক খবরে এমন মজার তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

অবশ্য ভক্তদের নিরাশ করেননি সালমান।  পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর বারান্দায় যান তিনি।  হাত নেড়ে ভক্তদের ঈদের শুভেচ্ছাও জানান বরাবরের মতোই চমক লাগানো সুপার হিরো সালমান।

কেবি