ঢাকাই সিনেমার নবীন তারকা ইমন আর আঁচলকে এবার প্রেম করতে দেখা যাবে লাস ভেগাসে। সঙ্গে আরও থাকবেন পিয়া। ‘রোমান্স ইন আমেরিকা’ নামের এই সিনেমাটি পরিচালনা করবেন আহমেদ আলী মণ্ডল।
ইমাম মেহেদির গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রফিকুজ্জামান। ।
পরিচালক আহমেদ আলী মণ্ডল জানান, এ সিনেমার বেশিরভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। সিনেমাতে থাকছে পাঁচটি গান। গানগুলোর সংগীতায়োজন করবেন ইমন সাহা। থাকছে একটি আইটেম গানও।
সিনেমাটিতে দেখা যাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া ইমনের সঙ্গে বন্ধুত্ব হয় বাংলাদেশি বংশোদ্ভূত পিয়ার। বন্ধুত্ব গড়ায় ভালোবাসায়। এক পর্যায়ে ইমন বুঝতে পারে, পিয়ার ভালোবাসা আসলে ছলনা। ইমনকে জেলে যেতে হয়। ইমনের সাহায্যে এগিয়ে আসে আরেক সহপাঠী আঁচল। আঁচল তাকে নতুন পথ দেখায়।
‘রোমান্স ইন আমেরিকা’ ইমন-আঁচল জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’ সিনেমায় দেখা গেছে এই জুটিকে। সিনেমাটি এখন মুক্তির দিন গুণছে।
সিনেমাটি প্রসঙ্গে ইমন বলেন, “সিনেমার গল্পটি ভালো লেগেছে। রোমান্টিসিজমের পাশাপাশি এক তরুণের স্বপ্নের কথা বলা হয়েছে সিনেমাটিতে। আঁচলের সঙ্গে আমার বোঝাপড়াটাও দারুণ। পিয়া থাকছে সিনেমাতে। আমার চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
ইমন এখন তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’ সিনেমার শুটিং করছেন।
এদিকে আহমেদ আলী মন্ডল সম্প্রতি ‘প্রবাসীর প্রেম’ সিনেমাটির শুটিং শেষ করেছেন। এ সিনেমার অধিকাংশ দৃশ্যই দক্ষিণ আফ্রিকাতে ধারণ করেছেন তিনি। সিনেমাতে অভিনয় করেছেন নিরব, পিয়া, আমান রেজাসহ আরও অনেকে।
এ মুহূর্তে সিনেমাটির সম্পাদনার কাজে ব্যস্ত মণ্ডল। ঈদুল আযহাতে মুক্তি পেতে পারে সিনেমাটি।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





