বলিউডের প্রবীণ অভিনেত্রী জোহরান সিগাল আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় দিল্লির ম্যাক্স হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।
১৯১২ সালের ২৭ এপ্রিল ভারতের উত্তরপ্রদেশের শাহারানপুরে জন্ম গ্রহণ করেন জোহরান সিগাল। ৭ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
জোহরান সিগাল মঞ্চ নাটকে সক্রিয় ছিলেন। তবে বেশ কিছু সিনেমায় সাফল্যের সাথে অভিনয় করেছেন।
মাসালা(১৯৯১), দিললাগি(১৯৯৯), কাবি খুশি কাবি গাম(২০০১), বেন্ড ইট লাইক বেকহাম (২০০২) এবং বির-জারা'র মতো জনপ্রিয় সিনেমাগুলোতে তার নান্দনিক অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবে। রাজ কাপুরের 'আওয়ারা' সিমেনার নাচের নির্দেশক ছিলেন তিনি।
১৯৩৫ সালে উদয় শঙ্করের সাথে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন জোহরান। জাপান, মিশর, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে নাচের মঞ্চে তিনি পারফর্ম করেছেন বেশ সুনামের সাথে।
১৯৬২ সালে নাটকের উপর পড়ালেখা করার জন্য বৃত্তি নিয়ে লন্ডন যান। ভারতে ফিরে আসেন ৯০'র দশকে। এরপর অভিনায় শুরু করেন।
সম্মাননা
শৈল্পিক কাজের স্বীকৃতি হিসেবে জোহরান সিগাল বেশ কিছু পদক পেয়েছেন। ২০১০ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানসূচক রাষ্ট্রীয় বেসামরিক পদক 'পদ্মবিভূষণ' পান তিনি। এছাড়া ২০০২ সালে তৃতীয় সর্বোচ্চ সম্মানসূচক বেসামরিক পদক 'পদ্মবিভূষণ' এবং ১৯৯৮ সালে চতুর্থ সর্বোচ্চ সম্মানসূচক বেসামরিক পদক 'পদ্মশ্রী' পদক লাভ করেছেন জোহরান। সূত্র: দি হিন্দুস্তান টাইমস।
ঢাকা, ১১জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





