টরোন্টো ফিল্ম ফেস্টিভালের ৩৯তম আসর মাত করেছে বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত জীবনীভিত্তিক সিনেমা 'দ্য ইমিটেশন গেইম'। ব্রিটিশ কোড ব্রেকার অ্যালান টিউরিং এর জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ‘হেডহান্টারস’ খ্যাত নরওয়েজিয়ান পরিচালক মরটেন টিলডাম। বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ত ঘটিয়েছেন তিনি। জার্মান নৌবাহিনীর বিভিন্ন গোপন বার্তা ভেদ করেন তিনি ও তার দল।
১৯৫২ সালে তার বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ আনা হয়, কারণ সে সময় ব্রিটেনে সমকামিতা নিষিদ্ধ ছিল। ১৯৫৪ সালে তিনি আত্মহত্যা করেন। চরিত্রটি পর্দায় নিয়ে এসেছেন 'শার্লক' খ্যাত কাম্বারব্যাচ। সঙ্গে ছিলেন 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' তারকা কেইরা নাইটলি।
টরোন্টো ফিল্ম ফেস্টিভালে সেরার খেতাব জেতায় যার যারপরনাই খুশি পরিচালক টিলডাম। তিনি বলেন, "এরকম একটি উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নেওয়াটা আসলেই গৌরবের। দর্শকরা আমাদের সিনেমাটি পছন্দ করেছেন, সেটা সিনেমার সঙ্গে জড়িত সবার জন্যই অসাধারণ একটি ব্যাপার"।
বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সিনেমাটি টরোন্টোতে সেরার পুরস্কার জিতেছে, অস্কারে সেরার খেতাবও তার ঝুলিতেই যায়। 'দ্য কিংস স্পিচ', 'স্লামডগ মিলিওনিয়ার' কিংবা 'টুয়েলভ ইয়ারস আ স্লেইভ' এর পর ‘দ্য ইমিটেশন গেইম’ও সেই ঐতিহ্য ধরে রাখতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।
দর্শকের ভোটে রানার আপ হয়েছে স্যার বেন কিংস্লে অভিনীত কমেডি সিনেমা 'লার্নিং টু ড্রাইভ'। আর 'ঘোস্টবাস্টারস' খ্যাত বিল মারের 'সেন্ট ভিনসেন্ট' জিতেছে ফেস্টিভালের দ্বিতীয় রানার আপের পুরস্কার।
সেরা তথ্যচিত্রের পুরস্কারটি গেছে হাজুজ কুকা পরিচালিত 'বিটস অফ দ্য আন্টনভ'-এর কাছে। সুদানিজ কৃষকদের উপর নির্মিত তথ্যচিত্রটি দর্শকদের কাছ থেকে পেয়েছে সবচেয়ে বেশি ভোট। মার্কিন চিত্রগ্রাহক ও পরিচালক ডেভিড থর্প নির্মিত 'ডু আই সাউন্ড গে' জিতেছে প্রথম রানার আপের খেতাব আর অভিনেতা ইথান হক নির্মিত মিউজিকাল ডকুমেন্টারি 'সেইমুর: অ্যান ইন্ট্রোডাকশন' হয়েছে দ্বিতীয় রানারআপ।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





